বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে খালে পড়েছে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরযাত্রী। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।