শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন




বাংলাদেশ ব্যাংক ঘিরে এস আলেমর সামরাজ্য

বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজদের আমলনামা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ৫:৩০ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ প্রায় অর্ধশত কর্মকতার একটি তালিকা নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মুনসুরের দপ্তরে দেয়া হয়েছে এবং অনৈতিক কাজে জড়িত এসব দুর্নীতিবাজ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে শাস্তি চাওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম শাখা ও খুলনা শাখা সহ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তাদের নাম রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে দুর্নীতিবাজ এসব কর্মকর্তার নাম উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে কর্মকর্তাদের লুটপাটের ফিরিস্তি উঠে এসেছে। এতে কিছু কর্মকর্তার ভয়াবহ লুটপাট, স্বেচ্ছাচারিতা আর জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কাজে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারে ছত্রছায়ায় লুটপাটের সিন্ডিকেট গড়েছেন বেশ কিছু কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংকের একধিক কর্মকর্তা জানান, দুর্নীতিবাজের এই মূল হোতারা বেপরোয়া হয়ে দেশের সম্পদ লুটেরাদের কাছে দিতে সহযোগিতা করছে। ফলে সীমাহীন লুটপাট, দেশের বাইরের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচার সহ নান কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে। এতে গত ১৫ বছরে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। পরিণত হয়েছে নখ-দন্তহীন প্রতিষ্ঠানে।

বিপর্যস্ত আর্থিক খাতের করুণ পরিণতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অনিয়ম আর দুর্নীতি বের করে শাস্তির আওতায় আনা। কিন্তু খোদ কেন্দ্রীয় ব্যাংক থেকেই লুটপাটের চিত্র বেড়িয়ে এসেছে। অনেকটা রক্ষকই ভক্ষক হয়েছে।

এ বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুরকে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি। তবে সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতকে সাজানোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। আমরা যেটাই করি না কেন, যারা দোষী, তাদের ধরা হবে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তারা দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাও দায়ী থাকলে দেখা হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিএফআইইউ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। এর কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্নীতি ও অর্থপাচার নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, বিগত সময়ে আর্থিক খাতে যারা লুটপাট ও অর্থ পাচার করেছেন, যারা দুর্নীতি করেছেন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বলেন, অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ করছে, এনবিআরের সেন্ট্রাল ইন্টলিজেন্স সেল (সিআইসি) কাজ করছে।

প্রতিবেদনে দুর্নীতিবাজ কর্মকতাদের আমলনামা। তালিকায় আছেন যারা:

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কামাল হোসাইন: আওয়ামী সরকার আসার পরপরই সরকারের উচ্চপর্যায়ের ইচ্ছাতে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কামাল হোসাইন বিএফআইইউতে পদায়ন পেয়ছেন এবং একটানা ১৫ বছর সেখানেই ছিলেন। সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যাক্তির এজেন্ডা বাস্তবায়ন করে সরকারের আস্থাভাজন এবং প্রবল ক্ষমতার অধিকারী হয়ে উঠেন। তিনি কখনই বদলী হন না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনায় তিনি তৎকালীন গভর্নরকে মিস-গাইড করেছেন এবং অর্থ উদ্ধারকে জটিল করে দিয়েছেন। এছাড়া প্রধান কার্যালয় থেকে যে কর্মকর্তাগণ এস আলমের ছেলের বিয়েতে অংশগ্রহণ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি চাটার্ড প্লেনে করে ওই বিয়েতে অংশগ্রহণ করেন। তার ওই বিয়েতে অংশগ্রহণের ছবি ও ভিডিও ইউটিউবে এখনো রয়ে গেছে। সকল গভর্নরের সময়েই এস আলম গ্রুপের পিএস আকিজ উদ্দিন তাকে গভর্নর এবং ডেপুটি গভর্নরের সঙ্গে গ্রুপটির বাংলাদেশ ব্যাংকের এজেন্ট হিসেবে পরিচয় করিয়ে দিতেন।

অতিরিক্ত পরিচালক মাসুদ রানা: ২০০৬ সালের মার্চ থেকে একটানা ১৯ বছর ধরে বিএফআইইউতে রয়েছেন মাসুদ রানা। তিনিও কখন বদলী হন না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মানিলন্ডারিংয়ের বিষয়ে প্রাপ্ত তথ্য যাচাই করে সেখান থেকে সরকারের উচ্চ পর্যায়ের লোকদের তালিকা থেকে বাদ দিতেন। তাছাড়া দেশের মানিলন্ডারিংয়ের সব চক্রের তিনি প্রত্যক্ষ সহায়তাকারী। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যুগ্ম পরিচালক সেউলি শাহা: বিএফআইইউ’র বিভিন্ন কর্মকর্তার তথ্য সংগ্রহ করেন এবং প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংস্থাটির এজেন্ট হিসেবে কাজ করেন। সকল কর্মকর্তা বদলী হলেও তিনিও বদলী হন নাই।

যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম: মহাদুর্নীতিবাজ এই আশরাফুল সাবেক দুই ডেপুটি গভর্নরের (ডিজি) পক্ষে সকল ব্যাংকে ‘ফান্ড কালেক্টর’-এর ভূমিকা পালন করেছেন। সকল ব্যাংকের বিভিন্ন ছুতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে পত্র প্রেরণ করেন এবং তারপর একেক ক্ষেত্রে একেক হারে অর্থ বিনিময়ে তা সমাধান করে দিতেন তিনি।

যুগ্ম পরিচালক আসাদুজ্জামান খান ও মো. শাহনেওয়াজ মুরাদ: এরা দুজন হলুদ ও নীল দলের দুইজন আইকনিক নেতা। এরা ইউনিটে কোনো কাজ করেন না। স্ব স্ব দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকেন। সারাদিন ঘোরাঘুরি করে তথ্য সংগ্রহ করেন এবং দুষ্টচক্রের নিকট তথ্য পাচার করে থাকেন।

যুগ্ম পরিচালক সৈয়কত কুমার সরকার: সৈয়কত প্রশ্নফাঁস জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বলে অভিযোগ রয়েছে। তার অধ্যয়নকৃত বিশ্ববিদ্যালয়ের ইউজিসি’র অনুমোদন নেই। তিনি বিএফআইইউ’র বিগত দুই ডিজির পক্ষ হতে বিভিন্ন ব্যাংকে লবিংয়ে ব্যস্ত থাকতেন।

যুগ্ম পরিচালক ইবনে আহসান কবীর ও মো. মুশফিকুল ইসলাম: মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা খেলাধুলা ও রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকেন এবং তথ্য পাচার করে আর্থিক সুবিধা ভোগ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগসমূহ সমাধানের ব্যবস্থা করে থাকেন।
নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান: এস আলমের অত্যন্ত ঘনিষ্ট। এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর অনিয়ম ঢাকতেন এবং রিপোর্টে সন্নিবেশন ঠেকাতে তিনি নিজ আজ্ঞাবহ পরিদর্শন দল পাঠাতেন। তিনি চার্টার্ড বিমানে করে চট্টগ্রামে অনুষ্ঠিত এস আলমের ছেলের বিয়েতে স্ব-পরিবারে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের যেসব কর্মকর্তা তার চাহিদা-মাফিক পরিদর্শন প্রতিবেদন করেননি তাদেরকে শাস্তিমূলক পোস্টিং ও পিএমএস খারাপ দিতে বাধ্য করেছেন। তার ছেলেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চাকরির ব্যবস্থা করেছেন। তার পিএ আব্দুল আহাদ তার সকল অপকর্মের দোসর। তাকে সে সর্বদা সঙ্গে রাখতো। এস আলম গ্রুপের সহায়তায় সে তার সর্বময় ক্ষমতা ব্যবহার করেছে। প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত থাকাবস্থায় এস আলমের ঋণ মওকুফে জড়িত ছিল।

পরিচালক মো. আরিফুজ্জামান পরিচালক: এস আলম গ্রুপের আশির্বাদ নিয়ে চট্টগ্রাম অফিসে আগমন এবং পরিচালক (সুপারভিশন) হিসেবে পদায়ন লাভ করেন। পরিদর্শন প্রতিবেদন তার মন মতো না হলে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে তা পরিবর্তন করতে পরিদর্শন দলকে বাধ্য করেছেন। এ কাজে তিনি সংশ্লিষ্ট অতিরিক্ত পরিচালকদেরকে (বিশেষ করে শোয়াইব চৌধুরী, শংকর কান্তি ঘোষ) ব্যবহার করেন। ফরেন এক্সচেঞ্জের বিভিন্ন কেইস (বিশেষ করে রি-ফাইন্যান্স, ডিসকাউন্টিং) অনুমোদন করাতে তিনি নির্মলেন্দু পারিয়াল ও মো. সাজ্জাদ হোসাইন চৌধুরীকে ব্যবহার করতেন।

অতিরিক্ত পরিচালক মো. শোয়াইব চৌধুরী: পরিদর্শন প্রতিবেদনে গুরুতর অনিয়ম উল্লেখ করলেও কখনও ক্লাসিফিকেশন ও প্রভিশনিং করেননি। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্যাংকে চাকরি প্রদান, বদলী সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি চট্টগ্রাম অফিসের পোস্টিংও নিয়ন্ত্রণ করছেন। স্টেশন সিনিয়রিটি অনুযায়ী তার পোস্টিং চট্টগ্রাম অফিসের বাইরে হওয়ার কথা থাকলেও তাকে শরীর অসুস্থতার দোহাই দিয়ে এস আলম গ্রুপের জন্য চট্টগ্রাম অফিসেই রাখা হয় তাকে। চট্টগ্রাম অফিসের সাবেক অফিসার বোরহান উদ্দিন সঞ্চয়পত্রের সূত্রে নগদ ১৩ লক্ষাধিক টাকা ঘুষসহ ধরা পরলেও সে সময় নির্বাহী পরিচালক জহুরুল হুদার মাধ্যমে ছেড়ে দিতে ভূমিকা রাখেন তিনি। সাবেক আলোচিত ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী চট্টগ্রাম অফিসে থাকার সময় থেকে শোয়াইব নিরংকুশভাবে ব্যাংক পরিদর্শনের দুর্নীতিতে জড়িত ছিল।

অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ: চট্টগ্রাম অফিসে নির্বাহী পরিচালকের পিএ হিসেবে বহাল থাকায় এস আলমের খাস দালাল হিসেবে কাজ করতে সুবিধা হতো। কোনো নোটিং কিংবা পরিদর্শন প্রতিবেদন এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকের বিরূদ্ধে গেলে তিনি সেটার ছবি তুলে এস আলম গ্রুপের লোক (আকিজ, মিফতা) এবং বাংলাদেশ ব্যাংকে থাকা এস আলমের অন্যান্য দালালদের নিকট প্রেরণ করতো। নিজের স্ত্রী ও অন্যান্য আত্মীয়দের এস আলম গ্রুপে ব্যাংকে চাকরি দিয়েছেন। পরিচালক ও নির্বাহী পরিচালকদের বিভিন্ন অবৈধ সুবিধা প্রদানে এজেন্ট হিসেবে এস আলম গ্রুপের লোকদের সঙ্গে সমন্বয়ক হিসেবে কাজ করেতেন তিনি। ভ্রমণ ভাতা পাওয়ার জন্য নির্বাহী পরিচালকের সঙ্গী হন (অনেক ক্ষেত্রে সস্ত্রীক)।

যুগ্ম পরিচালক রেজাউল করিম: রেজাউল অতিরিক্ত পরিচালক আব্দুল আহাদের আত্মীয়। তার শ্বশুর চট্টগ্রাম অফিসের সাবেক উপমহাব্যবস্থাপক কাশেম সহ তার স্ত্রী, ভায়রা এবং শ্যালিকা-সহ অনেক নিকটাত্মীয় এস আলমের দালালি করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চাকরি পাইয়ে দিয়েছেন। এস আলমের জামাতা বেলালের কোম্পানি ইউনিটেক্স গ্রুপের সিএফও আরিফ এবং এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিকের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন এবং এদের বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে বিভিন্ন লবিং চালাতেন। এরই সূত্র ধরে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিকের নামে ক্রয়সীমার অতিরিক্ত সঞ্চয়পত্র উদঘাটিত হবার পরেও তিনি বিধি লংঘন করে কোনো সুদ কর্তন না করে পূর্ণ টাকা প্রদান করেন।

অতিরিক্ত পরিচালক নির্মলেন্দু পারিয়াল, যুগ্ম পরিচালক মো. সাজ্জাদ হোসাইন চৌধুরী ও সৈয়দ সাইফুর রহমান:
তারা বিভিন্ন ধরনের উপহার ও সুবিধাদি প্রাপ্তি ও প্রেস্টিজিয়াস পোস্টিং পাওয়ার জন্য আব্দুল আহাদ ও শোয়াইব চৌধুরীসহ নির্বাহী পরিচালকদের ফরমাশ মোতাবেক ফরেন এক্সচেঞ্জ বিষয়ক মামলাগুলো অনুমোদন দিয়েছেন (বিশেষ করে এস আলম গ্রুপের রি-ফাইন্যান্স, ডিসকাউন্টিং)। কোনো কর্মকর্তা বিধি বহির্ভূত কাজ না করতে চাইলে তাকে পিএমএস এর ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করতেন। এদের মধ্যে সৈয়দ সাইফুর রহমান বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের অন্যতম দুর্নীতিবাজ ডিজিএম মোহা. সোহরাব হোসাইনের (অবসরের পরে বর্তমানে এস আলম গ্রুপের দালালির পুরস্কার হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মরত) ডান হাত ছিলেন এবং এস আলমের জামাতা বেলালের কোম্পানি ইউনিটেক্স গ্রুপের সিএফও আরিফের সঙ্গে যুগ পরিচালক রেজাউল করিমের মধ্যে সম্পর্ক স্থাপন করিয়ে দেয়।

সহকারী পরিচালক শান্তনু শাওন: শাওন সহকারী পরিচালক হলেও চট্টগ্রাম অফিসে ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন নির্বাহী পরিচালকের পিএ এর দায়িত্বে থাকা অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদের অন্যতম আশীর্বাদপুষ্ট, যার মাধ্যমে আহাদ আইবিবি’র কার্যক্রম ইচ্ছেমাফিক তার নিয়ন্ত্রণ মেনে নেয়া ব্যক্তিদে সম্পৃক্ত করেন।

নির্বাহী পরিচালক জাকির হোসাইন চৌধুরী: বিএফআইউ’র পরিচালক থাকাকালে তিনি এস আলম, সাদ মুসা-সহ সকল শীর্ষ অপরাধীর অনিয়ম-সম্বলিত অসংখ্য মামলা গায়েব করেছেন। মার্কেন্টাইল ব্যাংক, প্রধান শাখায় কুলিয়ারচর সি ফুড-এর বিপুল রপ্তানি প্রণোদনা জালিয়াতির মামলাও তিনি গায়েব করেছেন। এছাড়া বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের অনিয়ম- সম্বলিত মামলা গায়েব করে তাদের অর্থ পাচারে সহায়তা করেছেন।

নির্বাহী পরিচালক মো. আনারুল ইসলাম: দুর্নীতিবাজ ডিজি এস কে সুর চৌধুরী ও ব্যাংক খেকো পিকে হালদার-এর প্রত্যক্ষ সহযোগী। গ্রামীণ ব্যাংকের কথিত দুর্নীতি তদন্তের আদিষ্ট প্রতিবেদন প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ২০২১-২০২৩ সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশনের দায়িত্বে থাকাকালে এস আলম গ্রুপের সকল ঋণ জালিয়াতিতে সহযোগিতা করেছেন এবং বৃহৎ ঋণ অনুমোদন করেছেন। এস আলম ভেজিটেবল অয়েল মিলস সহ গ্রুপভুক্ত ৩টি প্রতিষ্ঠানের অনুকুলে ২ হাজার ৪০০ কোটি টাকার ঋণের এনওসি প্রদান করেছেন। এছাড়া অবৈধ অর্জিত অর্থে তিনি গাজীপুরে রিসোর্ট ও বাংলো বাড়ি করেছেন।

নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম: এস আলম কর্তৃক ২০১৭ সালে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের বোর্ড দখলের নেপথ্যের কারিগর তিনি।

নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক: বর্তমানে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। নগদে’র সকল অনিয়ম ও মানিলন্ডারিংয়ে প্রত্যক্ষ সহযোগিতা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় ও আইসিটি মন্ত্রী পলক-এর স্বার্থ-সংশ্লিষ্ট প্রজেক্ট- ‘বিনিময়’, আইডিটিপি’সহ বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েছেন, যা কোনো কাজে না আসলেও বিপুল অর্থ আত্মসাৎ করেছেন এবং তিনি বিদেশ ট্যুর পেয়েছেন। এফএসএসএসপিডি’র পরিচালক থাকাবস্থায় বিভিন্ন শিল্প গ্রুপের অনুকূলে বৈদেশিক মুদ্রায় ঋণ ছাড়করণের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন। ওই অর্থে ৪ কোটি টাকায় ধানমণ্ডি লেক-এর পাশে একটি ফ্ল্যাট ক্রয় করেছেন।

নির্বাহী পরিচালক দেবদুলাল রায়: বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে ক্ষতিকর ও ক্ষমতাধর ব্যক্তি দেবদুলাল। বাংলাদেশ ব্যাংকের যাবতীয় তথ্য তিনিই দেশের বাইরে পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রতিবেশি দেশের গোয়েন্দার এজেন্ট হিসেবে সর্বমহলে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের আইসিটি’র নির্বাহী পরিচালক হিসেবে তিনি অপর নির্বাহী পরিচালক মেজবাউল হক’কে সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জয় ও আইসিটি মন্ত্রী পলক-এর স্বার্থ-সংশ্লিষ্ট প্রজেক্ট ‘বিনিময়’ হাতিয়ে নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা: ডিএফইআই-এর পরিচালক থাকাকালে গ্রুরুত্বপূর্ণ অসংখ্য জালিয়াতি গোপন করেছেন। খুলনা অফিসের সকল অনিয়ম ও দুর্নীতি তার আদেশে হতো। শেখ হেলালের ক্ষমতার দাপটে তিনি অত্যন্ত ক্ষমতাবান।

পরিচালক চৌধুরী লিয়াকত আলী: সাবেক ডিজি মনিরুজ্জামানের সকল অপকর্মের মূল দোসর লিয়াকত। তিনি অসংখ্য বৃহৎ জালিয়াতির মামলা গোপন করে ফেলেছেন।

পরিচালক আবু সালেহ মোহাম্মদ শাহাব উদ্দিন: বসুন্ধরা, প্রাণ-আরএফএল, সিটি ইত্যাদি গ্রুপকে বিপুল ওভারসিজ ইনভেস্টমেন্ট করার সুযোগ প্রদান করেছেন।

পরিচালক আবু হেনা হুমায়ূন কবীর: সকল বৃহৎ শিল্প গ্রুপের বেনিফিসিয়ারি কবীর। তাদেরকে সকল অভিযোগ থেকে সহজ নিষ্পত্তি দিতে তাকে এফআইসিএসডি’তে পদায়ন করা হয়েছে।

পরিচালক মোহাম্মদ মহসিন হোসাইনি: আগে এএমএলডি বিভাগে ও পরে বিএফআইইউ’তে দীর্ঘকাল থাকাকালে তিনি এস আলম, সাদ মুসা, থার্মেক্স, সামিট পাওয়ার, প্রাণ-আরএফএল, ওরিয়ন সহ সকল শীর্ষ অর্থপাচারকারীর সহায়তা করেছেন। এছাড়া প্রধান কার্যালয় থেকে যেসব কর্মকর্তা এস আলমের ছেলের বিয়েতে অংশগ্রহণ করেছেন তিনি তার মধ্যে অন্যতম। ওই বিয়েতে অংশগ্রহণের জন্য তিনি বিএফআইইউ’র নামে চট্টগ্রামে ট্রেনিং প্রোগ্রাম প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংকের খরচে ভ্রমণ করেছেন। ওই বিয়েতে অংশগ্রহণের ছবি ও ভিডিও ইউটিউবে এখনো রয়ে গেছে। বিএফআইইউ’তে ব্যাংক মনিটরিংয়ের দায়িত্বে থাকাকালে তিনি সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিবর্গের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানে কখনই পরিদর্শান প্রেরণ করতেন না। বিশেষ করে, এস আলম-এর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করতে দিতেন না।

পরিচালক ইসতেকুমাল হোসাইন: সাবেক গভর্নরের আমলে ৪২ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে বিতরণের অন্যতম শীর্ষ কুশীলব তিনি। এছাড়া ঋণ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হতে এস আলমের ব্যাংকগুলোতে লিকিউডিটি সাপোর্ট তার প্রত্যক্ষ সহযোগিতায় দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পাচার করতেন। ২০১৪ সালে এডি নিয়োগে প্যানেলভুক্তদের তথ্য প্রকাশ করে চাকরিচ্যুতির পর্যায়ে গিয়েছিলেন। তবে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে তখন রক্ষা পান।

অতিরিক্ত পরিচালক এ কে এম নুরুন্নবী: তিনি সব ধরনের দুর্নীতিতে সহজে ও বেপরোয়াভাবে জড়িয়ে যান। বিএফআইইউ’তে থাকা অবস্থায় সাবেক ডিজি মাসুদ বিশ্বাস এবং রাজী হাসানের ব্যক্তিগত বিভিন্ন কাজ করে দিয়ে তাদের আস্থাভাজন ছিলেন। বর্তমানে এফআইসিএসডি’তে বিভিন্ন ব্যাংকের দুর্নীতি আড়াল করার কাজে লিপ্ত রয়েছেন।

অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন: অত্যন্ত ক্ষমতাবান এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে সকল নষ্ট চক্রের কমন বেনিফিসিয়ারি। তিনি প্রতিবাদী এবং সৎ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলী করে থাকেন। পরিদর্শনে নিয়োজিত কর্মকর্তাদের ফোন করে তিনি পরিদর্শনকে প্রভাবিত করতেন। সিনিয়ররাও তাকে সমীহ করে চলে।

অতিরিক্ত পরিচালক মো. সদরুল মুক্তাদির: তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অসংখ্য কর্মকর্তার পোস্টের স্ক্রিনশট নিয়ে ম্যানেজমেন্ট বরাবর উপস্থাপন করে তাদেরকে শাস্তির মুখোমুখী করেছেন।

যুগ্ম পরিচালক মো. রোকন উজ জামান: দেশের চাঞ্চল্যকর সব মানিলন্ডারিং মামলার তদন্তে সাবেক দুই ডিজির আমলে এই রোকনকে নিয়োজিত করা হতো। তারপর তিনি ‘উপরের নির্দেশে’ অধিকাংশ মামলা গায়েব করে দিতেন এবং অবশিষ্ট সকল মামলায় মূল দোষীকে আড়াল করেছেন। প্রবল ক্ষমতাশালী এই কর্মকর্তা বর্তমানে ট্রেনিং একাডেমিতে পোস্টিং নিয়েছেন।

অতিরিক্ত পরিচালক শওকত আলী ও অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, যুগ্ম পরিচালক মেহেদী হাসান ও সুনির্বান বড়ুয়া, মোহাম্মদ আব্দুস সালাম, উপ পরিচালক মোহাম্মদ সাইফ উদ্দিন ও প্রিটুল বড়ুয়া: এরা ডিবিআই-৪ এ কর্মকালীন সময়ে বিভিন্ন সময়ে এস আলম গ্রুপভুক্ত ব্যাংকগুলো পরিদর্শন করে বে-নামি ঋণ সৃষ্টিতে প্রশ্রয় দিয়েছেন, অনিয়ম লুকিয়েছেন, বিনিময় গ্রহণ করেছেন ও সৎ কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছেন। তারা যথা নিয়মে লোন ক্লাসিফাই ও প্রভিশন হিসাবায়ন করেননি এবং করতে দেননি। তারা নির্বাহী পরিচালকের চাটুকারিতা করেছেন এবং আব্দুল আহাদ-শোয়াইব চৌধুরী সিন্ডিকেটের ফরমায়েশি পরিদর্শন প্রতিবেদন দাখিল করেছেন। এদের মধ্যে মেহেদী হাসান তার আনুগত্যের পুরস্কার হিসেবে নিজ স্ত্রীর জন্য ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চাকরিও বাগিয়ে নিয়েছেন। শওকত আলী এস আলম গ্রুপের আকিজ সাহেবের সঙ্গে দেখা করে ডিবিআইতে তার পোস্টিং নিশ্চিত করেছেন।

যুগ্ম পরিচালক মো. জিয়া উদ্দিন বাবলু: শোয়াইব চৌধুরীর পছন্দ তালিকায় থাকায় তিনি সিআইপিসিতে দীর্ঘসময় ধরে কর্মকরত। এস আলম গ্রুপের ব্যাংকের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তিনি আব্দুল আহাদ-শোয়াইব চৌধুরী সিন্ডিকেটের গ্রিন সিগনাল পেলে উপস্থাপন করতেন। ক্রমাগত আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি এস আলম গ্রুপের ব্যাংকে নিজ ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা করেছেন।

যুগ্ম পরিচালক রুপেশ বড়ুয়া: মো. শোয়াইব চৌধুরীর অতি বিশ্বস্ত ব্যক্তি বড়ুয়া। আব্দুল আহাদ, শোয়াইব চৌধুরী সিন্ডিকেটের অপরিহার্য হওয়ায় তাকে ডিবিআই হতে ডিএবি-তে ট্রান্সফার অর্ডার করার পরেও তা বাতিল করা হয়েছে। এস আলম গ্রুপভুক্ত বাংকের পাশাপাশি ইউসিবিএল খাতুনগঞ্জ শাখার বিগত কুইক সামারি রিপোর্ট আব্দুল আহাদ, শোয়াইব চৌধুরী সিন্ডিকেটের পছন্দসই হওয়ায় তিনি তার স্ত্রীর জন্য একটি চাকরিও বাগিয়ে নিয়েছেন।

যুগ্ম পরিচালক জোবাইদুল ইসলাম: তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আব্দুল আহাদ ও শোয়াইব চৌধুরীকে প্রটেক্ট করেছেন। গত ৫ই আগস্টের পর আব্দুল আহাদ ও শোয়াইব চৌধুরীকে ট্রান্সফারের দাবি উঠলে তিনি তার সর্বোচ্চ সামর্থ ব্যবহারপূর্বক নগ্নভাবে তা ঠেকাতে সচেষ্ট হন এবং দাবি উত্থাপনকারী কর্মকর্তাদেরকে সি/ডি ক্যাটাগরির কর্মচারী দ্বারা পেটানোর হুমকী প্রদান করেছেন।

যুগ্ম পরিচালক আবু হোসাইন মো. জামশেদ উদ্দিন ও অনির্বাণ চাকমা, উপ পরিচালক রুবেল চৌধুরী ও খোরশেদুল আলম: এরা মো. শোয়াইব চৌধুরীর খাস লোক হিসেবে পরিচিত। এদের মাধ্যমেই এস আলম গ্রুপের ঋণ ও বেনামী ঋণ রয়েছে- এমন শাখাগুলো পরিদর্শন করানো হয়। তাদের পরিদর্শন প্রতিবেদনগুলো পর্যালোচনা করলে বিষয়গুলো সহজে স্পষ্ট হয়। সবচেয়ে খারাপ ঋণ আছে- এমন ব্যাংক শাখা পরিদর্শনপূর্বক সবচেয়ে ভালো রিপোর্ট দেয়ার বিষয়ে তাদের মধ্যে একটা নিরব প্রতিযোগিতাও বিদ্যমান ছিল। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ডিসেম্বর/২০২৩ ভিত্তিক (কুইক সামারি) পরিদর্শন করার প্রতিযোগিতায় আবু হোসাইন মো. জামশেদ উদ্দিন জয়লাভ করে আব্দুল আহাদ ও শোয়াইব চৌধুরী সিন্ডিকেট তথা এস আলম গ্রুপের মনোনীত নির্বাহী পরিচালক ও পরিচালকের প্রত্যাশা পূরণে সক্ষম হন। মানবজমিন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD