বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন




টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বুয়েট, ঢাবির অবনতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ১০:৫৯ am
file pic

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’ প্রকাশ করেছে। ২৩ এপ্রিল প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে প্রথমের দিকে না থাকলেও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

২০২৫ সালে ৮৫৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে করা এশিয়ার সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকায় সেরা ৩০০-র মধ্যেও নেই বাংলাদেশের কোনো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকায় ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় ৩০১-৩৫০ এর ভেতর অবস্থান বিশ্ববিদ্যালয়টির।

টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চলের বিশ্ববিদ্যালয় নিয়ে করা এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। তালিকায় ৩০১-৩৫০ এর ভেতর অবস্থান বিশ্ববিদ্যালয়টির।

তালিকায় ৩৫১ থেকে ৪০০–এর মধ্যে আছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। দেশের তালিকা অনুসারে তিন, চার ও পাঁচ নম্বরে স্থান পাওয়া এই বিশ্ববিদ্যালয়গুলো হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এ তালিকায় ২০২৪–এর তালিকায় বাংলাদেশে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথমে থাকলেও এবার (২০২৫) আছে ১২তম অবস্থানে। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়েছে দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়টি।

গত কয়েক বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দশম স্থানে। ৪০১-৫০০ এর মধ্যে অবস্থান প্রতিষ্ঠানটির। এর আগে ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৬ নম্বরে। তার আগে ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল প্রথম।

এদিকে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দুটি বিশ্ববিদ্যালয়ই চীনের। প্রথমে অবস্থান করছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। তালিকায় পরের বিশ্ববিদ্যালয়টি পিকিং বিশ্ববিদ্যালয়। তিন নম্বরে আছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD