অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন, শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।
জানা গেছে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুইবার লকার খুলতে গিয়েছিলেন। এছাড়া পূবালী ব্যাংকে নিজ নামে ১২ লাখ টাকার একটি এফডিআর এবং তার বোন রেহেনার সঙ্গে যৌথ নামে সঞ্চয়ী হিসাবে ৪৪ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে বলে সিআইসি সূত্রে জানিয়েছে। বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ রয়েছে।
গতকাল সিআইসির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে সম্প্রতি চিঠি দেওয়া হয়। চিঠির মাধ্যমে হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হলে চিঠির আলোকে ব্যাংকগুলো তাদের তথ্য এনবিআরকে জানিয়েছে। চিঠির আলোকে সিআইসি তপশিলি একটি ব্যাংকে আজ (বুধবার) এ অভিযান পরিচালনা করবে।
অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।
লকার খোলার জন্য অবশ্যই দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।