বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন




আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৪৭ pm
Soyabin Oil ভোজ্যতেল সয়াবিন তেল সয়াবিন তেল ভোজ্যতেল soybean soya bean edible oil
file pic

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৬ ও ৮ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ২৩ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। নতুন এ দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৫ এপ্রিল বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৯ টাকা।

আর বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৬৯ টাকা। তবে গত ১২ আগস্ট প্রতি লিটারে খোলা পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা পুননির্ধারণ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD