বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন




শাপলা ছাড়া নির্বাচনে অংশ নেয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৮:০৫ pm
National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি ncp জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্টির
file pic

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শাপলা প্রতীক না পেলে আমরা অন্য কোনো প্রতীক নেব না। আর প্রতীক না থাকলে নির্বাচনে অংশ নেয়া সম্ভব নয়। যে নির্বাচন কমিশন প্রতীকের ক্ষেত্রে নিরপেক্ষতা দেখাতে পারে না, সেখানে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব? তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, বরং একটি নির্দিষ্ট দলের স্বার্থে কাজ করছে। এমন অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটুকু সম্ভব।

সুষ্ঠু নির্বাচন না হলে এর দায় সরকারের ওপর বর্তাবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু তারা যে আচরণ করছে, তাতে নিরপেক্ষতা পাওয়া যাচ্ছে না। কমিশন পুনর্গঠন করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, জনপ্রশাসনে যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে বদলি হচ্ছে কি না- সেটি নিয়েও প্রশ্ন আছে। অনেক বড় দলের রেফারেন্সে কর্মকর্তাদের (এসপি-ডিসি) পদায়ন হচ্ছে। সরকার যেন এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক বই

জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি। কমিশনের কাছ থেকে জানতে চেয়েছি, বাস্তবায়নটা কিভাবে হবে- এর একটা টেক্সট দিতে হবে। সাংবিধানিক আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে। প্রেসিডেন্ট চুপ্পু এ আদেশ জারি করতে পারবে না। তিনি জানান, ঐকমত্য কমিশন বাস্তবায়নের সুপারিশ দিলে সেটি পর্যালোচনা করে এনসিপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা জুলাই সনদের প্রতি শ্রদ্ধাশীল, তবে বাস্তবায়নের রোডম্যাপ না দেখে সই করতে পারব না।

জুলাই গণহত্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীর কয়েকজনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনা হয়েছে- এটিকে আমরা সাদুবাদ জানাই। তবে আহতদের নিরাপত্তা ও মামলাগুলোর বিচার প্রক্রিয়ার রোডম্যাপ সরকারকে পরিষ্কার করতে হবে। আইন উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের আওতাধীন, এবং গণভোটের পরই এ সরকার আসতে পারে- এর আগে নয়।

তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা কোনো দলের প্রতিনিধি নন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন। সরকার গঠনের সময় অনেক দলের রেফারেন্সে উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিষয়ও সরকারকে খতিয়ে দেখতে হবে।

প্রশাসন ও উপদেষ্টা পরিষদ নিয়ে অভিযোগ করে নাহিদ বলেন, জনপ্রশাসনে দলীয়করণ হয়েছে। এছাড়া প্রশাসনে বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এ ব্যাপারে সহায়তা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণের অভিযোগ আছে প্রধান উপদেষ্টাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD