বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন




গাজীপুর: নির্বাচনি আসন-১

বিতর্কিত নয়, ত্যাগী নেতাকে চায় স্থানীয় বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১১:০২ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

গাজীপুর-১ আসনে কোনো বিতর্কিত ব্যক্তিকে নয়, ত্যাগী ও দুর্দিনে পাশে থাকা নেতাকে প্রার্থী হিসাবে দেখতে চান স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। তাদের মত, নইলে বিএনপি নিশ্চিত আসন হারাবে। জেলার সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী আধিপত্য ধরে রাখতে গিয়ে বিএনপির যে বদনাম করেছেন, তাতে সাধারণ ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই শিগগিরই আওয়ামী লীগের সুবিধাভোগী ও হাইব্রিডদের কালিয়াকৈর উপজেলা ও পৌরসহ অন্যান্য কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। গত কয়েক দিন সরেজমিন ঘুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে নেতাকর্মী ও সমর্থকদের পাশে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি একজন তুমুল জনপ্রিয় নেতা। তার নামে কেউ কোনো অভিযোগ দিতে পারবেন না। বিগত দিনে হামলা-মামলায় জর্জরিত ছিলেন, খেটেছেন জেলও। ক্লিন ইমেজ ও কর্মীবান্ধব এই নেতাকে ধানের শীষের প্রার্থী করা হলে বিএনপির জয় নিশ্চিত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে নেতাকর্মীরা বলছেন, তাদের প্রত্যাশা হাইকমান্ড চৌধুরী ইশরাকের বিষয়ে তদন্ত করলে তার কমিটি বাণিজ্যসহ আরও বড় ধরনের অপকর্মের প্রমাণ পাবে। যার সামান্যই গণমাধ্যমে এসেছে। কীভাবে বিএনপির সাজানো বাগান চৌধুরী ইশরাক ধ্বংস করেছেন, তাও জানতে পারবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে প্রধানত তারা মূল্যায়িত হবেন, যারা ২৪-এর গণ-আন্দোলনসহ গত ১৭ বছর বিএনপির আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে দলীয় ইমেজ অবশ্যই থাকতে হবে।

বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকারের প্রথমপর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব, যিনি ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন। যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠাবসা আছে, এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম। ওই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ, তরুণ, নারী, মুরুব্বিসহ ছাত্র-ছাত্রী সবার সঙ্গে যার একটি কমিউনিকেশন আছে। খুবই স্বাভাবিক এই ধরনের মানুষকেই অগ্রাধিকার দেব। অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে। যে জনসমর্থনকে তার সঙ্গে রাখতে পারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকেই আমরা নমিনেশন দেব।’

জানা যায়, এই আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ‘হাইব্রিড’ নেতা চৌধুরী ইশরাককে চায় না এলাকাবাসী। কারণ তৃণমূলের ত্যাগী নেতাকর্মীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এই নেতার একক সিদ্ধান্তের কারণে এ আসনের ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে তার কর্মকাণ্ড নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় একাধিক নেতা জানান, কারও সমালোচনাও সহ্য করতে পারেন না চৌধুরী ইশরাক। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তাকে নিয়ে প্রকাশ্যে সামান্য মন্তব্য করেন। এ কারণে কেন্দ্রের মাধ্যমে তাকে বহিষ্কার করান তিনি। পরে মামলা দিয়ে গ্রেফতার করান। এরপর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনকেও একইভাবে গ্রেফতার করানো হয়। নেতাকর্মী ও এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।

নেতাকর্মীরা আরও জানান, চৌধুরী ইশরাকের নেতৃত্বে কালিয়াকৈরে আরও বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। এসব কমিটিতেও অন্যান্য কমিটির মতো দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন এমন নেতাদের পদ দিয়েছেন। ইশরাকের মনগড়া কমিটি দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরমেয়র মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদসহ স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতারা ঐক্য গড়ে তোলেন। তারা কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও সফিপুর বাজারে বেশ কয়েকটি বড় সভা ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছেন। গত জুন থেকে আগস্ট পর্যন্ত কালিয়াকৈর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও পৌরসভার ৯টি ওয়ার্ডের পাঁচটি এবং ৯টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে সর্বশেষ ৮ আগস্ট মৌচাক, আটাবহ ও বোয়ালি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা হয়। বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে সুমীর কুমার গুহকে আর সদস্য সচিব করা হয়েছে রিপন আল হাসানকে। এই কমিটি ঘোষণার পরও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দীর্ঘদিন যারা জেল-জুলুমের শিকার হয়ে রাজপথের রাজনীতি করে আসছেন তারা কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ করেন।

বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আজম খান বলেন, ‘দল করতে গিয়ে জেল খেটেছি। জেলে থাকায় মায়ের মৃত্যুর আগে শেষ কথাটাও বলতে পারিনি। ডান্ডাবেরি আর হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা পড়েছি। তার পরও কমিটিতে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। দলের জন্য আর কী করলে আমাদের মতো নেতার জায়গা হবে।’

বিভিন্ন অনুষ্ঠানে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, ‘যাদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, তারা বিগত সময়ে গলায় নৌকার ব্যাজ ঝুলিয়ে মিছিল করে আওয়ামী লীগের একতরফা নির্বাচন করেছে।

তারেক রহমানের কাছে আরও দুটি অভিযোগ : বিগত সময়ে নিষ্ক্রিয় নেতাদের কমিটিতে রাখায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্প্রতি আরও দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ‘১৪ জুন কালিয়াকৈর উপজেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সে কমিটির ত্রুটি-বিচ্যুতির বিষয়ে ২৬ জুন আপনাকে (তারেক রহমান) অবগত করা হয়েছে। পরবর্তীতে কমিটির সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় উপজেলা কমিটির বেশির ভাগ সদস্য বিগত ১৬ বছর সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ও ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং এলাকায় সর্বমহলে বিতর্কিত। যেখানে আওয়ামী সংশ্লিষ্ট, নিষ্ক্রিয় ও সুবিধাভোগীদের কমিটির গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে আমরা মাসের পর মাস রাজনৈতিক কারণে কারাবরণ করলেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। কমিটিতে থাকা বিতর্কিতদের বিষয়ে আওয়ামী সংশ্লিষ্টতার আরও তথ্য, স্থিরচিত্র ও উপযুক্ত প্রমাণ তদন্তকালে সরবরাহ করা হবে।’

ওই অভিযোগটিতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির পক্ষে চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডিজি রাব্বানী এবং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহম্মেদ। তারা উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭ জনকে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন বলে চিহ্নিত করে ওই অভিযোগে উল্লেখ করেন।

এতে আরও বলা হয়, গঠিত বিতর্কিত উপজেলা আহ্বায়ক কমিটি ইতোমধ্যে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর, শ্রীফলতলী ও ডালজোড়া ইউনিয়নে কোনো প্রকার কর্মিসভা ছাড়াই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। যা অবৈধ ও বিএনপির গঠনতন্ত্র পরিপন্থি এবং ব্যক্তিগত বলয় তৈরির ষড়যন্ত্র। কমিটি গঠনের নামে অযোগ্য, আওয়ামী দোসর ও মাদকাসক্তদের পুনর্বাসন এবং ৫ আগস্টের পর সক্রিয় হওয়া ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির পেছনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন বলেন, ‘কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ আমরা ঐক্যবদ্ধ। দীর্ঘদিন ধরে শক্তিশালী সংগঠন হিসাবে সবাই দলের নির্দেশনা মেনে কাজ করে আসছে। কিন্তু ইশরাক সিদ্দিকীর বিতর্কিত কমিটির কারণে বিএনপি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কমিটি বাদ দিয়ে সবাইকে নিয়ে কমিটি করার কথা বলায় আমরা হামলা-মামলার শিকার হই। যা নিজেদের মধ্যে কখনোই ছিল না।’

তিনি আরও বলেন, ‘নিজের দলের শান্তিপূর্ণ মিছিলে লাঠিসোঁটা নিয়ে হামলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন গ্রেফতার হয়েছে। সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির এ অবস্থার জন্য যারা দায়ী তাদের বিচারের দাবি জানাই। দলের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে সবাইকে নিয়ে বৈধ কমিটি গঠন এখন সময়ের দাবি।’

গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সহ-সম্পাদক এবং কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. জসিম উদ্দিন বলেন, ‘কালিয়াকৈরে জন্মলগ্ন থেকে যারা বিএনপির সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে তাদের অবমূল্যায়ন করে একটি বিতর্কিত কমিটি দলকে বিভাজন করে দিয়েছে। দলের মধ্যে বিভেদ, ভাঙন সৃষ্টি করেছে। মারমুখী কর্মসূচি দিয়ে দলের ঐক্য নষ্ট করছে। এসব যারা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আগামী সংসদ নির্বাচনে দলের ঐক্য খুবই দরকার। তাই সাধারণ ভোটার ও জনগণ যাদের চায়, যারা ত্যাগী তাদের নিয়েই রাজনীতি করা দরকার।’

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘ইশরাক সিদ্দিকী আমাদের সঙ্গে বৈষম্য করেছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে সাত মাস জেল খেটেছি। প্যারোলে মুক্তি নিয়ে বড় ভাইয়ের জানাজায় গিয়েছি। আর এখানে কমিটি হয়, আমাদের নাম নেই, বড় দুঃখ লাগে। যে জুয়েল সরকার বিএনপি করবে না বলেছিলেন, তাকেও কমিটিতে রাখা হয়। শহীদ সিকদার গলায় নৌকার ব্যাজ পরে আওয়ামী লীগের ক্যাম্পেইন করেছে, তিনিও কমিটিতে। তাই আমরা ওই কমিটি প্রত্যাখ্যান করেছি।’

চাপাইর ইউনিয়নের সাবেক সভাপতি ডিজি রব্বানী বলেন, ‘ওই কমিটি করার পর যখন দেখলাম বিএনপির অনেক নেতাকর্মীর নাম নেই। আওয়ামী লীগের লোক আর মাদকসেবীদের দিয়ে কমিটি করেছে। তখন আমরা বাছাই করে নাম ধরে ধরে বলেছি, তারা কারা তা লিখিত দিয়েছি, তাদের কাজের ভূমিকা নিয়ে বলেছি। এখনো সমস্যার সমাধান হয়নি।’

ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন বাবুল বলেন, ‘রাজপথের নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। তাই আগামী সংসদে পরিচ্ছন্ন রাজনীতিবিদকে মনোনয়ন দিতে হবে। যারা দলের জন্য সমস্যা করেছে তারা যেন মনোনয়ন না পায়।’ (যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD