বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন




জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৯:০২ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস yunus
file pic

নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- নির্বাচন বানচালে দেশের ভেতর থেকে, বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড়-ঝাপ্টা আসুক আমাদের সেটা অতিক্রম করতে হবে।

প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে-বাইরে থেকে ‘এআই’ দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চপর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে।

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খন্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। আট খন্ডের এ প্রতিবেদনে ঐকমত্য কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণীর বিস্তারিত রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে।’ বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হয়ে যায় সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়বে, তারা নিজেরা জানবে এবং তাদের বাবা-মা’কেও জানাবে এতে কী আছে।’

প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রতিবেদন হস্তান্তরকালে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, ‘আট খন্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, এই কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট, সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ আছে। আমাদের বিশ্বাস ভবিষ্যতে এই আট খন্ডের প্রতিবেদন বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে গবেষণার জন্য দলিল হয়ে উঠবে।’

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।

শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার আহ্বান প্রেস সচিবের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে যারা কাজ করছেন, তাদের তার অতীত কর্মকাণ্ড স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মন্তব্য করতে পারবে। তিনি আরও জানান, সাক্ষাৎকারটি সরকার এখনো পড়েনি; পড়ার পর মন্তব্য জানানো হবে।

শফিকুল আলম বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দুটি গণমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগও উঠে এসেছে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নে বর্তমান সরকারের কোনো উদ্বেগ আছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ নিয়ে তারা কোনো সমস্যা দেখছেন না।

তিনি বলেন, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দু-একটা ঝটিকা মিছিল… সেগুলো অনুযায়ী কেউ কেউ হয়তো দু-একটা ডলার পান, এই তো।

শফিকুল আলম বলেন, স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আওয়ামী লীগের করা এক ক্লেইমে শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ নেই, যা ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলছে ৪০০ জন নিহত হয়েছে, এই দাবিও একতরফাভাবে দেয়া হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, দেশের টাকা চুরি করে ইউকের সবচেয়ে দামি ল ফার্মকে ভাড়া করে এ ধরনের কাজ করা হচ্ছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোটও করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD