বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন




সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বৈধ ১৮৪২, বাতিল ৭২৩ প্রার্থীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ৯:০৮ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট js বাজেট পাস
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা এই কাজ শেষ করেছেন গতকাল রোববার। শেষ দিন পর্যন্ত প্রাথমিক বাছাইয়ে ১ হাজার ৮৪২ জন প্রার্থী বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নানা রকম ভুলভ্রান্তির কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শেষ দিনে সারা দেশ থেকে আসা এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। তিনি আরও জানান, প্রাথমিক বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের জন্য আপিলের সুযোগ থাকছে। সোমবার থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত এই আপিল চলবে।

এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল করতে পারবেন।

আপিল করার নির্দেশনা-
১.মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল: আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের কাছে নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।

২.আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩.আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭টি কপি দাখিল করতে হবে।

৪.আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।

৫.আপিল আবেদন ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারী ২০২৬ তারিখ বিকাল ৫ টার মধ্যে দাখিল করতে হবে।

৬.আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি প্রাপ্তির জন্য নির্ধারিত ফরম-এ আবেদন দাখিল করতে হবে। উক্ত ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে।

৭.আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

আপিল নিষ্পত্তি: মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করবে।

নির্বাচনি আচরণ বিধি অনুসরণ: সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD