বিগত সময়ে দেশের মানুষকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপিসহ তিনটি অঙ্গসংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন যে কতটা কঠিন ছিল, সেটা সবাই অনুভব করেছে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে দেশের মানুষ বিএনপির পক্ষে এবং দলের প্রতিশ্রুতির পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে যা বিএনপির ইশতেহার ছিল, তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
সরকার পরিচালনার ক্ষেত্রে দলের নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা না করলে সরকার সহজে চলতে পারবে না।
তিনি আরও যোগ করেন, বিএনপির নেতাকর্মীরা সরকারের পেছনে ঐক্যবদ্ধভাবে না দাঁড়ালে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।