মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন




ইত্যাদি এবার নরসিংদীতে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৬:৪৩ pm
Ityadi popular magazine television programme ITTADI Hanif Sanket উপস্থাপক হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন
file pic

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে স্টুডিও’র চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। এবারের পর্বের জন্য বেছে নেয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে। এই জেলায় রয়েছে অনেক প্রত্নসম্পদ এবং স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয়েছিল এবারের নান্দনিক মঞ্চ।

ইত্যাদি’র ধারণকে কেন্দ্র করে গোটা নরসিংদী জুড়েই ছিল সাজসাজ রব। প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র। এবারের অনুষ্ঠানে থাকছে দু’টি বিশেষ গান। যার একটি গেয়েছেন নরসিংদীরই কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে এই ফোক-ফিউশনধর্মী গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন নিজেই। অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজনে মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। ইত্যাদি’র দর্শকপর্বে নিয়ম মেনে, ধারণস্থান নরসিংদীকে নিয়ে করা কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে বিজয়ী নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে এই নির্বাচিত দর্শকরা নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি মজার নাট্যাংশে অংশ নেন, যা ছিল দারুণ উপভোগ্য। শিকড় সন্ধানী ইত্যাদি সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি এসব অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

এ ছাড়াও থাকছে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাটকে নিয়ে বিশেষ আয়োজন। রয়েছে নরসিংদীর জিআই পণ্য, অমৃতসাগর কলা ও লটকন ছাড়াও কলম্বো লেবু নিয়ে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি থাকছে জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের ওপর তথ্যসমৃদ্ধ আলোকপাত। রয়েছে খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যিনি জয় করেছেন নিজের দৃষ্টিহীনতাকে। যথারীতি থাকছে বিদেশি প্রতিবেদনও। এবারের পর্বে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। দেখানো হবে এখানকার ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’। থাকছে কাশেম টিভি’র সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা; যা দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি কিছু চিন্তার খোরাকও জোগাবে।

এ ছাড়াও ইত্যাদি’র নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষè ও তির্যক নাট্যাংশ। ভাঙতি সংকট, ফাঁকা আওয়াজ, ভ্যান অ্যাম্বাসেডর, বড় ভাই-ছোট ভাই তর্ক এবং সম্পর্ক, দুর্নীতি ভীতি ও চাকরি প্রীতি, প্রাকৃতিক সৌন্দর্য, পথভ্রষ্ট মানুষ, জনতার ব্যবহার, চাঁদের কলঙ্ক নিয়ে কৃষকদের চিন্তাসহ বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারো ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদি’র নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন- রানা সরকার ও মোহাম্মদ মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র এই পর্বটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD