একই দেশে, একই শ্রেণিতে ভর্তি। অথচ বয়সের শর্ত আলাদা। সরকারি স্কুলে পাঁচ বছর বয়সী শিশুর প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ থাকলেও বেসরকারি স্কুলে তা নেই। সেখানে বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর।
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য এমন ভিন্ন নিয়ম করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিপাকে পড়ার আশঙ্কায় অভিভাবকরা। তাদের প্রশ্ন, একই শিক্ষানীতিতে পরিচালিত দুই ধরনের বিদ্যালয়ে ভর্তির বয়সসীমা আলাদা কেন?
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত দুটি ভর্তি নীতিমালা পর্যালোচনা করে এ পার্থক্য পাওয়া গেছে। সরকারি স্কুলের নীতিমালা প্রকাশ করা হয় গত ১৩ অক্টোবর। আর বেসরকারি স্কুলের নীতিমালা প্রকাশ করা হয়েছে ১০ নভেম্বর। এক মাসেরও কম সময়ের ব্যবধানে প্রকাশিত দুটি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নিয়ে ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে এমন ‘সমন্বয়হীন’ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, একই মন্ত্রণালয়ের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভিন্ন বয়সসীমা নির্ধারণের যৌক্তিকতা স্পষ্ট নয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। তাদের অভিমত, এতে শিশুদের শিক্ষাগ্রহণের সুযোগে বৈষম্য তৈরি হতে পারে। নীতিমালা প্রণয়নে সমন্বয়হীনতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত সংশোধনের দাবি তাদের।
সরকারি স্কুলে পাঁচ, বেসরকারিতে ছয় বছর
‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয় গত ১৩ অক্টোবর। প্রকাশিত ওই নীতিমালার ২ নম্বর অনুচ্ছেদে শিক্ষার্থীদের বয়সের বিষয়টি উল্লেখ রয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ছয় বছর ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারবে। অর্থাৎ সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ছয় বছর বয়সকে ভিত্তি ধরা হলেও পাঁচ বছর বয়সী শিশুদেরও প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হয়েছে।
অন্যদিকে বেসরকারি স্কুলে ভর্তির জন্য বুধবার (১১ নভেম্বর) নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালার ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে জন্মতারিখও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরাই বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।
আমার মেয়েকে ভিকারুননিসা, মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির জন্য আবেদন করবো। আবার সরকারি স্কুলের ক্ষেত্রে মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় ও শেরে-বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েও আবেদন করাবো। কিন্তু এখন দেখছি সরকারিতে ৫ বছর পূর্ণ হলে ভর্তি করা যাবে। অথচ বেসরকারিতে ৬ বছর পূর্ণ হওয়া লাগবে।- শান্তা আক্তার, অভিভাবক
ফলে ২০২১ সালে জন্ম নেওয়া কোনো শিশুর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারিতে পাঁচ বছর পূর্ণ হলে সরকারি স্কুলে আবেদনের সুযোগ থাকতে পারে। কিন্তু একই শিশু বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে না।
একই শিশুর জন্য দুই নিয়ম, ক্ষুব্ধ অভিভাবক
রাজধানীর বিভিন্ন বেসরকারি স্কুলে সন্তানকে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। তাদের অনেকেই সরকারি স্কুলেও আবেদন করতে চান। কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত থাকায় আবেদন নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা।
অভিভাবকদের প্রশ্ন, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি স্কুলের জন্য যে বয়স উপযুক্ত বিবেচনা করা হচ্ছে, বেসরকারি স্কুলের ক্ষেত্রে সেই বয়স অনুপযুক্ত কেন? শিশুর বয়স ও শেখার সক্ষমতা কি বিদ্যালয়ের ধরন অনুযায়ী বদলে যায়?
রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা শান্তা আক্তারের মেয়ের বয়স ৫ বছর ৩ মাস। ডিসেম্বরে ভর্তির সময় তার বয়স হবে ৫ বছর ৪ মাস। সরকারি স্কুলে ভর্তির নীতিমালা দেখে আশ্বস্ত হয়েছিলেন তিনি। কিন্তু বেসরকারি স্কুলের নীতিমালায় ৬ বছরের নিচে ভর্তির সুযোগ না রাখায় বিভ্রান্তিতে পড়েছেন শান্তা।
শান্তা আক্তার বলেন, ‘আমার মেয়েকে ভিকারুননিসা, মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির জন্য আবেদন করবো। আবার সরকারি স্কুলের ক্ষেত্রে মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় ও শেরে-বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েও আবেদন করাবো। কিন্তু এখন দেখছি সরকারিতে ৫ বছর পূর্ণ হলে ভর্তি করা যাবে। অথচ বেসরকারিতে ৬ বছর পূর্ণ হওয়া লাগবে।’
তিনি বলেন, ‘তাহলে যদি আমার মেয়ে এবার সরকারি স্কুলে চান্স না পায়, তাহলে ভর্তির সুযোগ পাবে না? আমার মেয়ের বয়সী অন্য বাচ্চা সরকারি স্কুলে ৫ বছরে ভর্তি হয়ে যাবে, পড়বে; অথচ আমার বাচ্চা সরকারিতে সুযোগ না পেলেই আর কোথাও ভর্তি করাতে পারবো না। এটা কেমন উদ্ভট নিয়ম।’
সরকারি ও বেসরকারির এ বৈষম্য অযৌক্তিক। এটা ভুল নাকি ইচ্ছাকৃত তা আগে নিশ্চিত হতে হবে। এটা কোনোভাবেই হতে পারে না। কারণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত শিশুদের শিক্ষাজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।- রাশেদা কে চৌধূরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
মেহেদী হাসান নামে আরেক অভিভাবক বলেন, ‘সরকারি স্কুলে অল্প আসন। ওখানে তো সবাই ভর্তির সুযোগ পাবে না। আমি তো সরকারিতে আমার ছেলেকে আবেদনই করাবো না। আমার ছেলের বয়স যেহেতু ৫ বছর ৭ মাস। আমি তো বেসরকারি স্কুলেও ভর্তি করাতে পারবো না। এক দেশে দুই নিয়ম, এ কেমন বৈষম্য?’
রাজধানীর বিভিন্ন স্কুলে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক আরও কয়েকজন অভিভাবক জানান, সরকারি স্কুলে আসন সীমিত। ফলে সরকারি স্কুলে সুযোগ না পেলে বেশিরভাগ শিশুকে বেসরকারি স্কুলে ভর্তি করাতে হয়। কিন্তু বয়সের শর্ত আলাদা হওয়ায় পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সেই বিকল্পও বন্ধ হয়ে যেতে পারে।
একই শিক্ষানীতিতে ভিন্ন সিদ্ধান্ত কেন?
সরকারি স্কুল ও বেসরকারি স্কুলে ভর্তি দুটি নীতিমালাই জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একটি সরকারি মাধ্যমিক শাখা এবং আরেকটা বেসরকারি মাধ্যমিক শাখা। উভয় নীতিমালায় বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণের কথা বলা হয়েছে। অথচ একই শিক্ষানীতির আলোকে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় ভিন্নতা রাখা হয়েছে।
শিক্ষাবিদদের মতে, বয়সসীমার এমন পার্থক্য শিশুদের শিক্ষায় প্রবেশের সুযোগ এবং অভিভাবকদের বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণের কোনো বিশেষ কারণ রয়েছে কি না, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ বলেন, ‘শিক্ষানীতি অনুযায়ী ৬ বছর হলেই স্কুলে ভর্তির কথা। সেটা যদি আরও কমিয়ে ৫ বছর পূর্ণ হলেই সুযোগ দেওয়ার কথা সরকার চিন্তা করে, তাহলে সেটি সব স্কুলের ক্ষেত্রেই হওয়া উচিত। সরকারি স্কুলে ৫ বছর আর বেসরকারিতে ৬ বছর করাটা স্পষ্টতই সমন্বয়হীনতা।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘সরকারি ও বেসরকারির এ বৈষম্য অযৌক্তিক। এটা ভুল নাকি ইচ্ছাকৃত তা আগে নিশ্চিত হতে হবে। এটা কোনোভাবেই হতে পারে না। কারণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত শিশুদের শিক্ষাজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি বলেন, ‘দেখা যাবে একই বাড়িতে জন্ম নেওয়া যমজ দুই ভাইয়ের একজন স্কুলে ভর্তি হতে পারছে, আরেকজন পারছে না। কারণ হয়তো একজন সরকারি স্কুলে চান্স পেল, আরেকজন পেল না। তখন তাকে বেসরকারি স্কুল ভর্তি নেবে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত।’
সমন্বয়হীনতা নাকি পরিকল্পিত সিদ্ধান্ত?
সরকারি স্কুলের নীতিমালা প্রকাশের পর প্রায় এক মাস সময় পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই বেসরকারি স্কুলের জন্য আলাদা নীতিমালা তৈরি ও প্রকাশ করা হয়েছে। কিন্তু বয়সসীমায় কেন সামঞ্জস্য রাখা হয়নি, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিভাবকরা।
তাদের দাবি, যদি নীতিমালা প্রণয়নে সমন্বয়ের ঘাটতি থাকে, তাহলে তা দ্রুত সংশোধন করতে হবে। আর যৌক্তিক কারণে বয়সসীমা আলাদা করা হলে সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বয়সসীমার পার্থক্যের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালায় সই করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি শাখার উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি বিষয়টি শুনে ‘এ নিয়ে পরে কথা বলবো’ বলে ফোন লাইন কেটে দেন।
অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খানকে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে বিষয়টি নিয়ে প্রশ্নসহ তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বিষয়টি দেখতে হবে। বয়সের ক্ষেত্রে তা সমস্যা হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে ভালোভাবে জেনে তারপর জানানো যাবে।’ জাগো নিউজ