দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালানো হিটলারের নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্য প্রয়োজন।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের অপরাধের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই নয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, তা আরও এগিয়ে নিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে। কখনো বিক্ষোভ, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন নামে কর্মসূচি দেওয়া হতে পারে। উদ্দেশ্য একটাই, অস্থিরতা সৃষ্টি করা। সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য এখনো প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে, সমূলে উৎপাটন করতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র নস্যাৎ করতে জাতীয় ঐক্য দরকার।
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরে থাকা দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যও অব্যাহত থাকুক। এ দেশে যাতে আর কোনো দিন ফ্যাসিবাদী শক্তি বা পতিত স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
বিরোধী দল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান নিচ্ছে—এমন ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে যারা তার ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন না। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছেন, তা যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে তিনিও একমত। জামায়াতের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উসকানির তথ্য রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।
সাম্প্রতিক সময়ে বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন সালাহউদ্দিন আহমদ। ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে নির্দেশ দিচ্ছেন। হুমকি দিচ্ছেন, শিগগিরই জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না। তারা যেভাবে পালিয়েছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তার মিল পাওয়া যায়।’
বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রান্ত হলেও মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কর্মকাণ্ডে জড়িত হয়নি। কিন্তু এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে বলে মনে হচ্ছে। তারা জানে, এই সরকারের আমলে তাদের গুম বা ক্রসফায়ার করা হবে না। অজ্ঞাত লাশ হয়ে কোথাও ভেসে উঠতে হবে না। রিমান্ডের নামে তাদের ওপর নিষ্ঠুর নির্যাতনও হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকারের প্রতি সরকারের এই শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে। তবে সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় সংস্থা প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনানুগভাবে পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকানি দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় দোসররা। মজুরি বোর্ড গঠনের পরও একটি মহল অস্থিরতা সৃষ্টির জন্য শ্রমিক সংগঠন ও নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে উসকানি দিচ্ছে।
এনসিপির প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাম ধরে বললে হয়তো অনেকে প্রীত হবেন না।
মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোন পথে প্রবেশ করেছেন, তা খুঁজে বের করতে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ঘটনায় করা মামলায় সভায় অংশগ্রহণকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।