শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন




জ্বালানির মূল্যবৃদ্ধির জাঁতাকলে চরম সংকটে জনজীবন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১৫ pm
CNG stations CNG station fuel strike fuel trader traders Filing stations Filing station Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil oil পরিবহন TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

একদিকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্য বৃদ্ধি; অন্যদিকে নিত্যপণ্য, বাসা ভাড়া, শিক্ষা ও যাতায়াত ব্যয়ের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে দেশের মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। আয় না বাড়লেও গত এক বছরে অনেক পরিবারের মাসিক ব্যয় বেড়েছে প্রায় দেড়গুণ। জ্বালানি ব্যয়ের বাড়তি চাপ সামলাতে গিয়ে কমাতে হচ্ছে খাবার ও চিকিৎসার খরচ। এমনকি সন্তানদের লেখাপড়া ও বাসস্থান নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।

ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এ সংকটের প্রভাব পড়ছে উৎপাদন, পরিবহন ও রপ্তানি খাতেও। এর মধ্যেই জ্বালানি তেল বিক্রির পর্যায়ে আবগারি শুল্কারোপের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

স্ত্রী, তিন সন্তান ও মাকে নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় বাস করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিকুল ইসলাম। মাসে ৫০ হাজার টাকা বেতনের ২০ হাজারই চলে যায় বাসা ভাড়ায়। পানির বিল ভাড়ার সঙ্গে যুক্ত থাকলেও বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের বিল দিতে হয় আলাদাভাবে। বাকি টাকা দিয়ে খাবার, ওষুধ, পোশাক ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে হয় তাকে।

রফিকুল জানান, কয়েক মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে তার সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আগে এক হাজার টাকার বিদ্যুৎ বিল এখন তিন হাজার টাকায় পৌঁছেছে। এলপিজির দাম বাড়ায় রান্নার খরচও ২,২০০-২,৩০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০-৪,০০০ টাকায় দাঁড়িয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে অফিস ও সন্তানদের স্কুলে যাতায়াত ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে চাল, ডাল, তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়তি।

এদিকে আগামী জানুয়ারি থেকে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন বাড়ানোর কথা জানিয়েছে। বাড়িওয়ালাও বাসা ভাড়া পাঁচ হাজার টাকা বাড়ানোর নোটিস দিয়েছেন। সব মিলিয়ে মাসিক সংসার খরচ এক লাফে প্রায় ২০ হাজার টাকা বেড়ে গেছে। অথচ ব্যবসা ভালো না থাকায় এবার বেতন বৃদ্ধি তো দূরের কথা, নিয়মিত বেতন পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন রফিকুল।

একই ধরনের সংকটে পড়েছেন গৃহকর্মী মালেকা। অসুস্থ স্বামী ও তিন সন্তানকে নিয়ে এক দশক আগে গ্রাম ছেড়ে ঢাকায় আসেন তিনি। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গ্রামের ভিটেটুকুও বিক্রি করতে হয়েছে। কিছুদিন আগেও ছয়টি বাসায় কাজ করে মাসে ১৪ হাজার টাকা আয় করতেন। কিন্তু সম্প্রতি তিনটি বাসার কাজ হারিয়েছেন তিনি । ওইসব বাসার কর্তাদের ভাষ্য, সংসারের খরচ বেড়ে যাওয়ায় এখন আর গৃহকর্মী রাখার সামর্থ্য নেই। নিজেদের কাজ নিজেরাই করছেন। নতুন কাজও পাচ্ছেন না মালেকা। ফলে পরিবার নিয়ে কীভাবে চলবেন-সে দুশ্চিন্তায় দিন কাটছে তার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশ হয়েছে।

শিক্ষা ও বাসা ভাড়াতেও বাড়তি চাপ

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে শিক্ষা খাতেও। রাজধানীর একটি নামকরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, সরকারি কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই শিক্ষার্থীদের মাসিক বেতন থেকে শিক্ষকদের বেতন, ভবন ভাড়া ও বিদ্যুৎ বিলসহ সব ব্যয় মেটাতে হয়। জ্বালানির দাম বাড়ায় শিক্ষকদের পারিবারিক ব্যয় বেড়েছে। পাশাপাশি পানি, বিদ্যুৎ, গ্যাস ও জেনারেটরের জ্বালানি খরচও বেড়েছে। এসব ব্যয় সামাল দিতে বাধ্য হয়ে নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ শতাংশ বাড়ানো হচ্ছে।

রাজধানীর শান্তিনগরের ছয়তলা একটি বাড়ির মালিক নূরুদ্দিন মল্লিকও বাসা ভাড়া বাড়ানোর কারণ হিসেবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছেন। তিনি আমার দেশকে বলেন, ভাড়াটেদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে সব সময় ভাড়া কম রাখার চেষ্টা করে থাকি। কিন্তু গত ছয় মাসে জ্বালানি তেল, গাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে দেড়গুণ হয়েছে। এ কারণে বাধ্য হয়ে জানুয়ারি থেকে প্রতিটি ফ্ল্যাটের ভাড়া চার হাজার টাকা বাড়ানোর নোটিস দিয়েছি।

বাড়ছে পরিবহন ও উৎপাদন ব্যয়

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতেও। এলপিজির দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। গ্রামাঞ্চল ও উপশহরের অনেক পরিবার বাধ্য হয়ে আবার লাকড়ির চুলায় ফিরছে। ডিজেল, সিএনজি, অটোগ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে বাস, অটোরিকশা ও লেগুনার ভাড়া বেড়েছে। সাধারণ চাকরিজীবী ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় আগের তুলনায় ২০-৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দিনে তিন-চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসাবাড়ি ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে জেনারেটর কিংবা আইপিএস চালাতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে ইউটিলিটি বিল ও যাতায়াত খরচ মেটানোর পর হাতে টাকা না থাকায় অনেক পরিবার মাছ, মাংস, ডিম ও দুধের মতো পুষ্টিকর খাবার কেনা কমিয়ে দিয়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পর্যবেক্ষণ অনুযায়ী, পণ্যবাহী ট্রাক ও লরির ভাড়া বৃদ্ধির কারণে চাল, ডাল, তেল ও সবজির দাম পাইকারি থেকে খুচরা বাজারে ২০-৩০ শতাংশ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের বছরে অতিরিক্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকার পরোক্ষ আর্থিক ক্ষতি হচ্ছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্প উৎপাদন ও রপ্তানি খাতেও। উৎপাদন ব্যয় ১৫-১৮ শতাংশ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক কারখানাকে অর্ডার বাতিল কিংবা মূল্যছাড়ের আশঙ্কায় পড়তে হচ্ছে। এতে রপ্তানি আয়ে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, এলপিজি এবং সিএনজি-অটোগ্যাসের ধারাবাহিক ও রেকর্ড মূল্যবৃদ্ধি দেশের সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবন এক চরম সংকটের মুখে পড়েছে। সব ধরনের জ্বালানির দাম এক লাফে বৃদ্ধি পাওয়ার পর সামগ্রিক উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি এখন আকাশছোঁয়া। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাসিক আয়ের সিংহভাগই চলে যাচ্ছে ইউটিলিটি বিল ও যাতায়াত খরচে। খরচের খতিয়ান মেলাতে হাহাকার করছে সব শ্রেণি-পেশার মানুষ।

তাদের হিসাব অনুযায়ী, বিদ্যুৎ ও আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধিতে চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় গড়ে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা বেড়েছে। দেশব্যাপী এক কোটি পরিবারের হিসাবে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা।

বিপাকে শিল্প খাতও

গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট, লোডশেডিংয়ের তীব্র যন্ত্রণার মধ্যে জ্বালানির লাগামহীন দাম বৃদ্ধির ধাক্কা দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি খাতকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। লোডশেডিং মোকাবিলায় মাঝারি ও বড় কারখানাগুলোকে জেনারেটর চালাতে প্রতিদিন অতিরিক্ত ৫-১০ হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে। শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়েছে ১৫-১৮ শতাংশ। ডিজেল ও সিএনজির দাম বাড়ায় পণ্য ও যাত্রী পরিবহনেও দৈনিক জনপ্রতি বা পরিবারপ্রতি ১০০-১৫০ টাকা বাড়তি ব্যয় হচ্ছে। পরিবহন খাতে অতিরিক্ত ব্যয় বেড়েছে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা।

নতুন করের প্রস্তাব আইএমএফের

জ্বালানির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন চাপে, তখন রাজস্ব আদায় বাড়াতে জ্বালানি তেল বিক্রির পর্যায়ে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আইএমএফ। পাশাপাশি দ্রুত কর অব্যাহতি প্রত্যাহার, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো এবং করজাল সম্প্রসারণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেয় আইএমএফ প্রতিনিধিদল। সংস্থাটির যুক্তি, যাদের কর দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের কাছে সরকারের ভর্তুকির অর্থ পৌঁছানো উচিত নয়। এ কারণে জ্বালানি তেল বিক্রির পর্যায়ে নির্দিষ্ট হারে আবগারি শুল্কারোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

আইএমএফের কাছ থেকে নতুন করে সাড়ে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার বিষয়ে চলমান আলোচনায় এসব প্রস্তাব উঠে এসেছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে করারোপ করা হলে জনঅসন্তোষ তৈরি হতে পারে বলে আইএমএফ প্রতিনিধিদলকে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD