শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন




ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১৪ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত
file pic

ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফার এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

মহাপরিচালক পর্যায়ের এই সংলাপের জন্য বাংলাদেশ শুরুতে অক্টোবরের শেষ দিকে তারিখ চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছিল। তবে দুর্গাপূজার কারণে ভারত নভেম্বরকে বেছে নেয়। ভারতের তরফ থেকে ১৭-১৮ নভেম্বর এই সংলাপ অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয় এবং ঢাকা এতে সম্মত হয়।

সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD