শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন




বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ৪ নম্বরে ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:২০ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। বিশ্বের ১২৬ শহরের তালিকায় বায়ুদূষণে ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকালে আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৩৩৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা ও ভারতের কলকাতা। শহর দু’টির স্কোর ১৭১ ও ১৬৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া বায়ুদূষণের তালিকায় ১৬০ স্কোর নিয়ে ৪ নম্বরে আছে রাজধানী ঢাকা। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো— বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘জি’ এরিয়া (১৯০), বাড্ডার প্রগতি সারণি এলাকা (১৭৬), বারিধারা লেক সাইড (১৭১), বারিধারা পার্ক রোড (১৭১), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৬০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৬০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৫৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৪৯) এবং খিলগাঁওয়ের গোড়ান (৭৭)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD