মাসখানেক আগে প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন পেয়েছে চীন। একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবটি অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দেওয়া দর অনুমোদন পেয়েছে।
অনুমোদিত জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, এ প্রকল্পে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান সিএনইই। টার্মিনাল স্থাপনে ১৫ বছর মেয়াদে সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর চুক্তির মেয়াদ ২০ বছর হলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।সরকারি সেবা
এর আগে গত অক্টোবরে একই ব্যয়ে টার্মিনাল নির্মাণের প্রস্তাব ফেরত পাঠানো হয়েছিল। তখন ব্যয় কমিয়ে নতুন প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত আগের ব্যয় অপরিবর্তিত রেখেই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। যদিও অনুমোদনের তথ্যে দৈনিক ফি, টার্মিনালের সক্ষমতা কিংবা এটি চালুর সম্ভাব্য সময় সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
দেশে জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়ে আসছেন।
গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। প্রস্তাবে দৈনিক গ্যাস রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট নির্ধারণ করা হয়েছিল।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় টার্মিনাল ব্যবহারের জন্য দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি চেয়েছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারকে দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার দিতে হয়। সে হিসাবে নতুন টার্মিনালের জন্য সিএনইইকে দৈনিক ফি দিতে হলে বর্তমান দুই টার্মিনালের তুলনায় সরকারের ব্যয় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি হবে।সরকারি সেবা
এক মাসের ব্যবধানে সেই বাড়তি ব্যয়ে কেন টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন দেওয়া হলো এ বিষয়ে জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের কয়েকজনের সঙ্গে কথা বললেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।
মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। এর মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট। এর যে কোনো একটি টার্মিনাল বিকল হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
এ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় দেশে নতুন করে তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি খাতের বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করে আসছেন বলে জানিয়েছেন মন্ত্রীরা।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে এফএসআরইউ স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।
এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ ও আলোচনা-সমালোচনার মধ্যে প্রকল্পটির কাজের অনুমোদন পেল চীনা প্রতিষ্ঠানটি। সিএনইইর পক্ষ থেকে অক্টোবরের শেষ দিকে দেওয়া প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে।মানচিত্র দেখুন
ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩-এর আওতায় ২০২৭ সালে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।সরকারি সেবা
এ ছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম।
জাপান-আমিরাত থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন
দেশের জ্বালানি চাহিদা পূরণে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় কমিটির বৈঠকের আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।