শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন




৪৫ বছর পর ঢাকায় ফের আর্জেন্টিনা দূতাবাস চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১৪ pm
Argentina national flag Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi পতাকা আর্জেন্টিনা দূতাবাস চালু আর্জেন্টাইন
file pic

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর (৪৫ বছর) বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে লা‌তিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

সোমবার বিকেলে রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাস উ‌দ্বোধন ক‌রেন ঢাকা সফররত দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তারা দুজনই একসঙ্গে ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করেন।

ঢাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ ক‌রে দেয় লা‌তিন আমেরিকার দেশটি। গত বছ‌রের শে‌ষের দি‌কে পুনরায় ঢাকায় দূতাবাস খোলার বিষ‌য়ে আলোচনা শুরু হয়। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ হয় দেশটি। এরপর ঢাকায় দূতাবাস খোলার বিষয়‌টি গ‌তি পায়।

সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল ও কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD