শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন




মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলা, তৎপর পুলিশ-র‌্যাব-সিআইডি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:৩৯ am
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে এ মামলা করেছে।

পুলিশ বলছে, ঢিল ছোড়ার ঘটনায় জড়িতদের ধর‍তে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে।

সোমবার (১ মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ মামলা হয়েছে। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঢিল মেট্রোরেলের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানিয়েছেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেব ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD