যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির জানা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা তারা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও দুর্বল বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ইরানে উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থের সংকট রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা নিয়েও পূর্বাভাস দেন ট্রাম্প। তার ভাষায়, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে।’ অর্থাৎ, আগামীতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ট্রাম্প এসব মন্তব্য করেন।
তথ্যসূত্র: আল জাজিরা