বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন




নেপথ্যের গল্প জানাবেন সাদিয়া ইসলাম মৌ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:০৭ pm
Sadia Islam Mou model সাদিয়া ইসলাম মৌ মডেল নৃত্যশিল্পী
file pic

১৯৮৯ সালে সাদিয়া ইসলাম মৌ প্রথম মডেলিংয়ে পা রাখেন। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সঙ্গে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। ৩৪ বছর ধরে শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করতে পারা একটি রেকর্ডই বটে। কীভাবে এত বছর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সেই নেপথ্যের গল্পগুলোই সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি ঈদের বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’-এ বলেছেন।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্ব প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায়। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে গানের অনুশীলনও করতেন। তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী। আঁকাবাঁকা, বাদশা, আপনজন’সহ বেশকিছু ছবিতে প্লে-ব্যাকও করেছিলেন।

১৯৯৫ সালের ৩রা জুলাই প্রচার হয়েছিল সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাকে অভিনয়ে রাজি করানো হয়েছিল। এমনকি শুটিংয়ের দিন সকাল বেলাও পরিচালক-নাট্যকার ফারিয়া হোসেনকে মৌ অনুরোধ করেছিলেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়ার জন্য। ঢাকাই সিনেমাতেও তারকা-নির্মাতাদের প্রায় সবাই মৌকে চেয়েছিলেন সিনেমার জন্য।

বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। এ প্রসঙ্গে মৌ বলেন, আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে এখন সিনেমায় কাজ করবো। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD