গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস হওয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আরপিও’র বিলের আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার পরই সব প্রশ্নের উত্তর দেব। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয় গত মঙ্গলবার। এতে ভোট বন্ধে ইসির ক্ষমতা কমে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। তবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেছেন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি।
এ নিয়ে মন্তব্য জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল ও আইন এক নয়। তিনি বলেন, যে বিলটি পাস হয়েছে, রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে।
তার আগে পর্যন্ত আমি নিশ্চিত নই। তারপর আমি অবশ্যই কথা বলব। বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থানটা কী।
ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে সিইসি বলেন, এই মুহূর্তে আমি কোনো কথা বলব না। একটু ওয়েট করুন। মনে হয় দুই এক দিনের মধ্যে জানতে পারব রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না।