দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মানুষ’ নামে একটি সিনেমা। এটি সেখানকার অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে। অভিনয়ও করেছেন জিৎ।
পরিচলনা করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এরই মধ্যে সিনেমাটি পশ্চিমবঙ্গের দর্শকের মধ্যে সাড়া জাগিয়েছে বলে জানিয়েছেন মিম। সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি সেখাকার দর্শকের কাছ থেকে প্রশংসাও পাচ্ছেন। কলকাতার বিভিন্ন চ্যানেল, অনলাইন পোর্টাল, সংবাদ মাধ্যম ও বিভিন্ন পেজ মিমের অভিনয়ের প্রশংসা করছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সঞ্জয় সমাদ্দার দাদা বাংলাদেশে অনেক ভালো ভালো গল্পের নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নির্মাণে মেধার স্বাক্ষর রেখে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার নির্মিত প্রথম সিনেমা কলকাতার দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এটা আমাদের জন্য সত্যিই গর্ব করার মতো। আমি আশাবাদী ছিলাম সিনেমাটি দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখবেন।
গত কয়েক দিনের মধ্যে গতকাল সিনেমাটির দর্শক বেড়েছে। আমার বিশ্বাস দিনদিন দর্শক বাড়বে। কারণ এর গল্প এবং আমাদের সবার অভিনয়ই দর্শককে মুগ্ধ করার মতো। এটা সত্যি এতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যার ফল এখন পাচ্ছি। একজন শিল্পী হিসাবে এখানেই আমার তৃপ্তি।’
এদিকে মিম বর্তমানে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। এ সিনেমায় তিনি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি আগামী বছরের শুরুতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।