অনেক জল্পনা, আলোচনা। হয়েছে ভক্তদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। অবশেষে মান-অভিমান ভুলে এক হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও দেশের সফল পরিচালক রায়হান রাফী। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন রায়হান রাফী। সিনেমার নাম ‘তুফান’।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমাটির নাম ঘোষণা করা হয়। এ সময়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। এর আগেও আমি সুপারস্টার ছাড়াই ম্যাজিক দেখিয়েছি। দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি। আশা করছি বড় ও ম্যাজিকাল কিছু হবে।
শাকিব খান বলেন, দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথভাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমরাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকা ব্যবসা করবে এমন খবর শুনব। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে চরকি, আলফা আই ও এসভিএফ।