বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন




বছরটিকে স্মরণীয় করে রাখলেন অপূর্ব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪১ pm
Ziaul Faruq Apurba model actor অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
file pic

সব সময় ‘ডাউন টু দ্য আর্থ’ থাকতে পছন্দ করেন তিনি। তার করা কাজগুলো দর্শকপ্রিয়তার শীর্ষে থাকলেও সেগুলো নিয়ে হৈ চৈ করাটা তার স্বভাবে নেই। ১৭ বছরের ক্যারিয়ারে এ বিষয়টিই অপূর্বকে সবার থেকে আলাদা করেছে। অনেকেই ভিউয়ের জন্য স্রোতে গা ভাসালেও অপূর্ব তার ব্যতিক্রম।

নানা বিষয় মিলিয়েই তাকে দর্শক ‘রোমান্টিক কিং’ উপাধি দিয়েছেন। তাকে অনুসরণ করে নাটকে কাজ করতে এসেছেন চলতি প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রী। চলতি বছর শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি কাজ করেননি তিনি। তবে যেগুলো করেছেন তার প্রায় সবই দর্শকপ্রিয় হয়েছে।

এ বছর তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ‘কাছের মানুষ’, ‘দূর থেকে দূর’, ‘রবিন ভাই’, ‘সারপ্রাইজ’,‘শেষ বসন্ত’, ‘আই হেইট ইউ টিচার’, ‘বহিরাগত’, ‘লাস্ট নাইট’ ‘ক্যাফেটেরিয়া’ প্রভৃতি। এ নাটকগুলো ভিউয়ের দিক দিয়ে যেমন এগিয়ে, তেমনি দর্শকপ্রিয়তায়ও।

আর বছরের শেষে এসে ‘পথে হলো দেরী’ নাটক দিয়ে বছরটিকে স্মরণীয় করে রাখলেন অপূর্ব। কারণ জাকারিয়া সৌখিন পরিচালিত দীর্ঘ এ নাটকটি অত্যন্ত অল্প সময়ে দর্শকপ্রিয়তার তুঙ্গে রয়েছে। মাত্র তিনদিনে প্রায় সাত মিলিয়ন দর্শক উপভোগ করেছেন এ নাটক।

অপূর্বর বিপরীতে এতে অভিনয় করেছেন চলতি প্রজন্মের অভিনেত্রী তটিনী। এ অভিনেত্রীকে নিয়ে অপূর্বর এ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি যাত্রাকে কেন্দ্র করে। যে যাত্রায় থ্রিলার, রহস্য, প্রেম, অনুভূতি, আকুতি, চাওয়া, কষ্ট সবকিছুই উঠে আসে। নাটকটি দীর্ঘ হলেও শুরু থেকে অপূর্বর কারিশমাটিক উপস্থিতি দর্শক ধরে রাখতে বাধ্য করে।

তার সঙ্গে তটিনীও খুব ভালো সঙ্গ দিয়েছেন। তারই সঙ্গে অপূর্ব চলতি বছরের শেষেও প্রমাণ করে গেলেন, তিনি এখনো নাটকে অপ্রতিদ্বন্দ্বী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD