বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন




নতুন বছরে অনেক সীমাবদ্ধতা তবু অপার সম্ভাবনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ৪:৪৭ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

গত বছরটি সিনেমা, নাটক ও মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ছিল গড়পড়তা একটি বছর। যদিও ওটিটিতে বেশ ভালো ভালো কাজ হয়েছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক কাজ যে আলোচিত কিংবা দর্শকপ্রিয় হয়েছে তা নয়। খুব কম সংখ্যক সিনেমা, নাটক ও গানই মানুষের মনে ঠাঁই নিয়েছে। গত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ছবিই মুক্তি পেয়েছে। তবে সাফল্য পেয়েছে হাতেগোনা। এরমধ্যে এগিয়ে ছিল শাকিব খানের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। আলোচনায় ছিল অনন্ত জলিলের ‘কিল হিম’, শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’। এর বাইরে বড় বাজেটের অনেক সিনেমাও মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে টিভি চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়েছে রেকর্ডসংখ্যক নাটক।

ভিউয়ের দৌড়ে অনেক নাটকই এগিয়ে ছিল। কিন্তু হৃদয়ে গেঁথে থাকার মতো নাটক একেবারে হাতেগোনা। এরমধ্যে জিয়াউল ফারুক অপূর্ব প্রমাণ করেছেন মানসম্পন্ন নাটকে তিনি এখনো অপ্রতিদ্বন্দ্বী। তার বেশকিছু নাটকই ছিল মনে গেঁথে থাকার মতো।

২০২৩-এ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নাটকে খুব কম পাওয়া গেছে। তাদের অভাববোধ ছিল। মুশফিক আর ফারহান, তৌসিফ, জোভান, তানজীন তিশা, কেয়া পায়েলদের পাশাপাশি তটিনী, সাদিয়া আয়মান, খায়রুল বাশার ও ইয়াশ রোহানদের পছন্দ করেছেন দর্শক। এর বাইরে নিলয়-হিমি জুটির নাটক ছিল ভিউয়ের দিক গিয়ে এগিয়ে।

অন্যদিকে ২০২৩ ছিল চলচ্চিত্রের গানে এগিয়ে যাওয়া ও অডিও-ভিডিওর গানে পিছিয়ে পড়ার বছর। বালাম-কোনালের ‘প্রিয়তমা’, ইমরান-কোনালের ‘সুরমা সুরমা’, তানজীব সারোয়ারের ‘গাঁ ছঁয়ে বলো’, ইমরান-কোনালের ‘মেঘের নৌকা’, রিয়াদের ‘ঈশ্বর’ গানগুলো ছিল আলোচনায়। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলী হাসানের ‘বাজার গরম’ ছিল আলোচিত। অন্য অনেকের গান ভিউয়ে এগিয়ে থাকলেও মনে গেঁথে থাকার মতো ছিল কম।

২০২৩-এ ওটিটির আলোচিত ও দর্শকপ্রিয় কাজ ছিল মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় তার ও নুসরাত ইমরোজ তিশার ‘অটোবায়োগ্রাফী’, শঙ্খদাশ গুপ্তর পরিচালনায় আজমেরী হক বাঁধন অভিনীত ‘গুটি’, শিহাব শাহীনের পরিচালনায় নাসির উদ্দিন খান ও মিথিলা অভিনীত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রভৃতি।

শোবিজের জন্য গড়পড়তা একটা ফলাফল নিয়েই ২০২৩ বিদায় নিয়েছে। এখন পেছনে ফিরে দেখার মানে নেই। এগিয়ে যাওয়ার পালা। অনেক নতুন সিনেমার ঘোষণা এসেছে। ভালোবাসা দিবস ও ঈদকে সামনে রেখে নাটকপাড়াও জমজমাট। নির্বাচনের পর পুরোদমে স্টেজে ফিরবেন শিল্পীরা। পাশাপাশি উল্লেখযোগ্য নতুন নতুন সিনেমা ও অডিওর গান হওয়ারও ইঙ্গিত মিলেছে। ওটিটিতেও একের পর এক কনটেন্ট তৈরি হচ্ছে। সবমিলিয়ে শোবিজে অনেক সীমাবদ্ধতার মাঝেও অপার সম্ভাবনা নিয়েই নতুন বছর শুরু হয়েছে আজ। যে বছরটি শোবিজের জন্য কতোটুকু ভালো যাবে সেটা সময় বলে দেবে।

তবে শোবিজের মানুষরাও জানিয়েছেন, কাজে কিংবা ব্যক্তিগতভাবে নতুন বছর নিয়ে তাদের প্রত্যাশার কথা। ডিগবাজি, একে অপরকে দোষারোপ কিংবা নেতিবাচক বক্তব্যর মাধ্যমে ভাইরাল না হয়ে শুধুমাত্র কাজের মাধ্যমে নতুন বছরের প্রতিটি ভোর শুরু হবে সেটাই সবার চাওয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD