বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন উঠেছে।
বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ফেরদৌস আহমেদ লড়বেন, রহস্য জিইয়ে রেখে এমন আভাসই দিয়েছিলেন নিপুণও। আগামী ১লা ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। তবে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফেরদৌস।
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেয়া প্রসঙ্গে এ নায়ক-নেতা বলেন, না। আমি করতে পারবো না। তাছাড়া এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমার আগ্রহও নেই। আমি একসঙ্গে দুই দায়িত্ব কীভাবে পালন করবো।
শিল্পী সমিতি নিয়ে আমার ভাবনা নেই। ফেরদৌস জানান, শিল্পী সমিতি নয়, তার নতুন দায়িত্ব নিয়েই থাকতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।
এ প্রসেঙ্গে ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।
প্রসঙ্গত, বর্তমানে ফেরদৌস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে, সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমাটি। ছটকু আহমেদ পরিচালিত ছবিতে তার সহশিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।