বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন




অবশেষে ফিরছেন শাবনূর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ৪:১১ pm
Kazi Sharmin Nahid Nupur Shabnoor shabnur sabnur actor কাজী শারমিন নাহিদ নূপুর শাবনূর নায়িকা অভিনেত্রী
file pic

অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বইয়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা।

গত শনিবার এমএস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে। এ সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’।

এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা। দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে।

সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক।

সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। শিগগিরই কাজটি শেষ করবো। যোগ করে শাবনূর আরও বলেন, অনেকে আমাকে বলেছেন তুমি এতদিন পর এসে কি করবে?

সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে। এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে।

নতুনরা অনেক ভালো করছেন। এদিকে দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, এখানেই থেমে থাকছি না। পরপর কাজ করবো। চেষ্টা করবো একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD