দুবাই গিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ১৪ই জানুয়ারি বিকাল ৩টার দিকে তিনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন দুবাই। দুবাইয়ের আজমানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতেই তার এ সফর।
ক’দিন আগেই জানা গেছে, দুবাইয়ের আজমানে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। ‘রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’ পেজের এক ভিডিও বার্তায় দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিতও করেছিলেন শাকিব খান। এদিকে গতকাল উইনার স্পোর্টস ক্লাব, আজমানের এ অনুষ্ঠানে অংশ নেন শাকিব। শাকিব খান ছাড়াও এতে অংশ নেবেন তমা মির্জা। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গেছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
উল্লেখ্য, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে আনতেই এই আয়োজন।
এদিকে দীর্ঘ সফর শেষে শাকিবের দেশে ফেরার কয়েক মাস পার হয়েছে। তবে নতুন ছবির কাজ শুরু করতে পারেননি তিনি। যদিও তার অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।