ক’দিন আগে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের প্রথম শিশুতোষ গল্পের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েল নির্মিত ছবিটিতে এ নায়কের বিপরীতে রয়েছেন পরীমনি। তবে এ সিনেমার প্রচারণায় তেমনভাবে সময় দিতে পারেননি সিয়াম। এর কারণ হলো গত ক’দিন ধরেই কলকাতায় ছিলেন এ নায়ক। সেখান থেকে এক ভিডিও বার্তায় সিয়াম হাজির হয়েছিলেন কলকাতার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে।
এ তারকা সিয়ামের এ ছবি নিয়ে শুভকামনা জানিয়ে বলেন, আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে। এদিকে টলিউডের সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘প্রতিপক্ষ’ সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ ও সিয়াম। তাদের সঙ্গে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি, আয়ুষী তালুকদার প্রমুখ।
ছবিটির প্রাথমিক কাজেরই জন্যই কলকাতায় ছিলেন সিয়াম। এতে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন সিয়াম। নানা ধরনের সংগ্রামের মধ্যদিয়ে যেতে হয় তাকে। কলকাতা শহরের হোটেল, ক্যাফেগুলোয় গান করে সে।
শুধু নিজের জন্য নয়, আরও যেসব তরুণ সংগ্রামের মধ্যদিয়ে যায়, গান করে তাদের এগিয়ে নেয়ার যুদ্ধেও ধ্রুপদ এগিয়ে আসে। এদিকে এ ছবির চিত্রনাট্য মহড়ায় অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন এ নায়ক। সিয়াম বলেন, চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। এ কারণে শুটিং শুরুর বেশ আগেই আমাকে রিহার্সাল করতে হয়েছে। এটি একেবারেই অন্যরকম একটি অভিজ্ঞতা।