শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন




জন্মদিন: অমলিন হুমায়ূন আহমেদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:২৫ pm
Humayun Ahmed হুমায়ূন আহমেদ Humayun Ahmed novelist Humayun Ahmed হুমায়ূন আহমেদ হুমায়ুন আহমেদ ঔপন্যাসিক
file pic

বাংলা সাহিত্যের অসামান্য গল্পকথক হ‌ুমায়ূন আহমেদ। ছোট ছোট বাক্যে জাদুর মতো তিনি মুগ্ধ করেছেন কয়েক প্রজন্মের পাঠককে। কখনও হিমু, কখনও মিসির আলি, কখনও মধ্যবিত্ত পরিবারের চেনা সুখ-দুঃখে তাঁর সৃষ্ট চরিত্রগুলো হয়ে উঠেছে জীবন্ত। সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আজ ১৩ নভেম্বর তাঁর ৭৯তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক।

সহজ ভাষায় জীবনের গল্প

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে বাংলা সাহিত্যে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন হ‌ুমায়ূন আহমেদ। প্রথম উপন্যাসেই পাঠক বুঝতে পেরেছিলেন, গল্প বলার এক ভিন্ন ক্ষমতা নিয়ে এসেছেন এই লেখক। এরপর একের পর এক উপন্যাসে তিনি তৈরি করেছেন এমন এক সাহিত্য ভুবন, যেখানে মানুষের ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান, বিষণ্নতা ও জীবনের নানা অসংগতি মিশে গেছে একাকার হয়ে। ‘শঙ্খনীল কারাগার’, ‘অচিনপুর’, ‘অন্যদিন’, ‘ফেরা’, ‘জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল’, ‘সাজঘর’, ‘আশাবরী’, ‘ইস্টিশন’, ‘অপরাহ্ণ’, ‘তেতুল বনে জোছনা’, ‘লিলুয়া বাতাস’, ‘নবনী’, ‘পেন্সিলে আঁকা পরী’, ‘তিথির নীল তোয়ালে’, ‘নীল অপরাজিতা’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেয়াল’, ‘কবি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘শ্রাবণ মেঘের দিন’সহ তাঁর অসংখ্য উপন্যাসে উঠে এসেছে সময় ও সমাজের নানা চিত্র।

মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ, অভিমান, স্বপ্ন, ব্যর্থতা ও প্রাপ্তিকে হ‌ুমায়ূন আহমেদ এমন মমতায় তুলে ধরেছেন যে, পাঠক বারবার নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁর গল্পে। তাঁর লেখায় হাসির আড়ালে বিষণ্নতা যেমন জায়গা পেয়েছে, তেমনি গভীর বেদনার মধ্যেও কখনও উঁকি দিয়েছে নির্মল রসবোধ। তাঁর সাহিত্যের আরেকটি বড় আকর্ষণ চরিত্র নির্মাণ। হিমু, মিসির আলি, শুভ্র— এই তিন চরিত্রের মধ্য দিয়ে মানুষের জীবনকে দেখার তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।
মুক্তিযুদ্ধও ছিল হ‌ুমায়ূন আহমেদের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি শুধু যুদ্ধ, অস্ত্র কিংবা রাজনৈতিক ঘটনার বিবরণে সীমাবদ্ধ রাখেননি; বরং সেই সময়ের সাধারণ মানুষের জীবন, ভয়, ভালোবাসা ও আত্মত্যাগের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে অবরুদ্ধ ঢাকার একটি পরিবারের অভিজ্ঞতার ভেতর দিয়ে যুদ্ধকালীন জীবনের নানা দিক তুলে ধরেছেন। অন্যদিকে ‘১৯৭১’, ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসে দেখিয়েছেন মুক্তিযুদ্ধের বিস্তৃত পটভূমি, মানুষের সংগ্রাম এবং ইতিহাসের নানা অধ্যায়।মানচিত্র দেখুন

টেলিভিশনের পর্দায় নতুন ভাষা

হ‌ুমায়ূন আহমেদ বইয়ের পাতায় যে ভুবন তৈরি করেছিলেন, আশির দশকে সেই ভুবনই যেন নতুন করে ছড়িয়ে দিলেন টেলিভিশনের পর্দায়। সাহিত্যের পরিচিত গণ্ডি পেরিয়ে হ‌ুমায়ূন আহমেদ হয়ে উঠলেন টেলিভিশন নাটকেরও এক জনপ্রিয় নাম। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাট্যকার হিসেবে তাঁর যাত্রা শুরু। একের পর এক নাটকের মধ্য দিয়ে বদলে দিতে থাকেন টিভি নাটকের গল্প বলার ধরন। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’– প্রতিটি কাজেই ছিল আলাদা গল্প, চরিত্র এবং মানুষের জীবনকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি।

‘এইসব দিনরাত্রি’ নাটকে এক মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের জীবন, স্বপ্ন, সংকট ও আবেগকে অসাধারণ মমতায় তুলে ধরেছিলেন তিনি। অন্যদিকে ‘বহুব্রীহি’ নাটকে হাস্যরসের আড়ালে সমাজের অসংগতি, মানুষের ভন্ডামি ও প্রচলিত চিন্তাভাবনাকে প্রশ্ন করেছেন। আর ‘অয়োময়’ নাটকে ঐতিহাসিক আবহ, জমিদারি সমাজের জীবনযাপন ও মানুষের ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরেছেন।

সিনেমার গল্পে অন্য ভাষা

সাহিত্য ও টেলিভিশনে স্বতন্ত্র অবস্থান তৈরি করার পর হ‌ুমায়ূন আহমেদ মনোযোগ দেন সিনেমা নির্মাণে। এখানেও তৈরি করেন নিজস্ব এক ভাষা। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমায় অবরুদ্ধ শহরে মানুষের ভয়, অনিশ্চয়তা, অপেক্ষা, ভালোবাসা ও সাহসের গল্প উঠে এসেছে। এরপর একে একে নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’। প্রতিটি সিনেমার বিষয় ও নির্মাণের ভঙ্গিতে ছিল আলাদা বৈশিষ্ট্য।

‘শ্রাবণ মেঘের দিন’ তাঁর অন্যতম কাজ। গ্রামীণ জীবন, প্রেম, বিচ্ছেদ ও লোকসংগীতের মেলবন্ধনে নির্মিত এই সিনেমা দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। অন্যদিকে ‘দুই দুয়ারী’তে বাস্তবতা ও কল্পনার মিশেলে তৈরি করেছিলেন ভিন্ন এক জগৎ। ‘চন্দ্রকথা’য় গ্রামীণ সমাজের জীবন ও সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন। ‘শ্যামল ছায়া’য় ফিরে গেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোতে। তাঁর পরিচালিত শেষ সিনেমা ‘ঘেটুপুত্র কমলা’। এই সিনেমা বিষয়বস্তুর দিক থেকে ছিল সাহসী ও ব্যতিক্রমী। ঔপনিবেশিক আমলের জমিদারি সমাজে ঘেটুগানের শিল্পীদের জীবন, শোষণ ও বঞ্চনার নির্মম বাস্তবতা তুলে ধরেছেন এতে। তাঁর সিনেমায় কৃত্রিমতার চেয়ে জীবনের স্বাভাবিকতাই বেশি গুরুত্ব পেয়েছে। সিনেমায়ও তিনি দর্শককে নিয়ে গেছেন মানুষের খুব কাছের গল্পে।

সময় পেরিয়েও অমলিন

লেখক, নাট্যকার কিংবা চলচ্চিত্র নির্মাতা— প্রতিটি পরিচয়ের বাইরেও হ‌ুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতার আরেকটি জগৎ ছিল সংগীত। তাঁর গল্প, নাটক ও সিনেমায় গান কখনও কেবল বিনোদনের উপাদান হয়ে ওঠেনি; বরং গল্পের আবেগ, সময় ও পরিবেশকে আরও গভীর করে তুলেছে। ‘একটা ছিল সোনার কন্যা, ‘চাঁদনী পসর রাইতে, ‘যদি মন কাঁদে’, ‘বরষার প্রথম দিনে’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’— এমন গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে লোকজ সুর ও গ্রামীণ জীবনের আবহকে তিনি যেভাবে সংগীতের সঙ্গে মিলিয়েছেন, তা তাঁর গানকে দিয়েছে আলাদা পরিচয়। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে মৃত্যুবরণ করেন হ‌ুমায়ূন আহমেদ। তবে তাঁর কালজয়ী সাহিত্য তাঁকে চিরঅমর করে রেখেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD