বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। নিয়োগ পেলে ১২তম ভিসি হিসেবে তিনি বিএসএমএমইউতে দায়িত্ব পালন করবেন।
সোমবার এ বিষয়ে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক মানবজমিনকে বলেন, আমি শুনেছি আমার নাম প্রস্তাব করা হয়েছে। এখনও প্রজ্ঞাপন হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন না হওয়া পর্যন্ত বলতে পারছি না।
এর আগে তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশব্যাপী চক্ষুরোগী ও চক্ষুবিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এ চিকিৎসক। তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলায়।