সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জন। এছাড়াও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৮ জনে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৯৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২০ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।