মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন




জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৯:০৪ pm
Primary scholarship exam পরীক্ষা প্রাথমিক ছাত্রী Secondary School Certificate Dakhil Equivalent SSC Result check Exam রেজাল্ট পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির ফল ফলাফল
file pic

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ দিন চলতি বছরের ৫ম শ্রেণির ইবতেদায়ি ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষাও শুরু হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘণ্টা হওয়ায় সাড়ে ১২টায় শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন আগামীকাল রোববার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ ও ৫০ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

অন্যদিকে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন আগামীকাল রোববার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামীকাল রোববার কুরআন মাজিদ ও তাজভিদ এবংআকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। এরপর ২৯ ডিসেম্বর আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র, ৩০ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ৩১ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে এবং বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। পরীক্ষার্থীরা নিজ-নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এছাড়া পরীক্ষা আরম্ভের ১ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ব্যতীত কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষ ইনভিজিলেটরগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোন পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।

পরীক্ষা শেষ হবার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট হতে উত্তরপত্র জমা নেওয়া হবে।

প্রসঙ্গত, অতিরিক্ত উত্তরপত্র (লুজশীট) ব্যবহার করলে তাতে নাম, রোল, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। অতিরিক্ত উত্তরপত্রটি নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের (Invigilator) স্বাক্ষর আছে কিনা নিশ্চিত হয়ে নিতে হবে।

পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে লুজশীটের সংখ্যা লিখতে হবে। লুজশীটে লেখা উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD