শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন




বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিবৃতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:২২ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি-জামায়াত Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলছে কথার লড়াই। এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। গতকাল রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন দল দুটির কর্মী-সমর্থক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ঘিরে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর রোববার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি।

রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি? ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেতো মোনাফেকি করা না।’

এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর বক্তব্যের জবাবে বলেন, রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কী জাতির সঙ্গে মোনাফেকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি।

এরপরই জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডা. শফিকুর রহমান (জামায়াত আমির) নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট? আর কার সঙ্গে মোনাফেকির কথা বললেন আমির?

১৯৯৯ সালে চার দলীয় জোট গঠিত হয়। এ জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটি ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায়ও আসে। এর পর আবার বিরোধী দলে যায়। চার দলীয় জোট থেকে ২০ দলীয় জোট হয়। শেখ হাসিনার শাসনের শেষদিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম, সভা-সমাবেশের বক্তব্য-বিবৃতিতে মন্তব্য ছোড়াছুড়ি চলছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।

ফেসবুকেও লড়াই

গতকাল রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ২০১৮ সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা– ‘২০১৮ সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট? আর কার সাথে মোনাফেকির কথা বললেন আমির?’

এই পোস্টের ঘণ্টাখানেকের মধ্যে ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া ও সাড়ে ছয় হাজার মন্তব্য করা হয়েছে। এ ছাড়া পোস্টটি শেয়ার করেছেন প্রায় তিন হাজার ব্যবহারকারী। মন্তব্যে দুই দলের কর্মী-সমর্থকরা পাল্টাপাল্টি সমালোচনা করেছেন।

টানাপোড়েন চলছেই

১৯৯৯ সালের জানুয়ারিতে বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ), জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট নিয়ে চার দলীয় জোট গঠিত হয়। ২০১২ সালের ১৮ এপ্রিল চার দলীয় জোটের কলেবর বেড়ে হয় ২০ দলীয় জোট। আওয়ামী লীগের আমলে স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ২০২২ সালের আগস্টে জামায়াতের মজলিসে শূরার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দলটির আমির শফিকুর রহমান বলেন, ২০ দলীয় জোট আর কার্যকর নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে ‘পরকীয়া’ করছে জামায়াত।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্যে বলেন, তাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট; সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর দল দুটির মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের মেয়াদ নিয়ে। এর পর সংবিধান সংস্কার, নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা যায় বিএনপি ও জামায়াতের নীতিনির্ধারকদের কথায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামায়াতের সমালোচনা করে বলেন, কিছু দল আছে; আমাদের সঙ্গে থাকলেও ১৯টা সিট পায়। আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তিনটা সিট পায়। তারা ভোট তো ভয় পাবেই। এটা অস্বাভাবিক কিছু না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD