রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন




এবার চাঁদের মালিকানা দাবি করছেন ট্রাম্প, তোলপাড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চাঁদের মালিকানা নিজেদের বলে দাবি করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ চাঁদের একটি ছবি প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, ‘চাঁদ আমাদের।’ ছবিটির পাশে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি পতাকা। তার এই পোস্ট ঘিরেই চাঁদের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চাঁদের ছবি পোস্ট করার কিছুক্ষণ আগে ট্রাম্প স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের একটি ছবিও শেয়ার করেন। এসব পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ট্রাম্পের পোস্টকে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’–এর সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। এমনকি কেউ কেউ মজা করে ‘স্টার ওয়ার্স ইম্পেরিয়াল মার্চ’ বাজানোর কথাও বলেছেন।

এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, মঙ্গলের পর কি এবার সূর্য দখলের পালা? আরেকজন জানতে চেয়েছেন, মঙ্গলের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে? শুধু চাঁদের ছবি নয়, ট্রাম্পকে নিয়ে প্রকাশিত আরেকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। সেখানে তাকে ডিসি কমিকসের সুপারহিরো গ্রিন ল্যান্টার্ন হিসেবে দেখানো হয়েছে। ছবিতে ট্রাম্প ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং তাঁর হাতে রয়েছে উজ্জ্বল সবুজ রঙের একটি ‘পাওয়ার রিং’ বা ক্ষমতার বলয়।

ছবিটির সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রিন ল্যান্টার্নের বিখ্যাত শপথবাক্যও। সেখানে বলা হয়েছে, উজ্জ্বল দিন কিংবা অন্ধকার রাত কোনো মন্দই চোখের আড়ালে থাকবে না। মন্দের উপাসকেরা ক্ষমতার ভয় করবে, কারণ তাদের সামনে রয়েছে গ্রিন ল্যান্টার্নের আলো। তবে ট্রাম্পের চাঁদের মালিকানা দাবির বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ আইনের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৬৭ সালের মহাশূন্য চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ ১০০টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা দখলের মাধ্যমে কোনো দেশ মহাশূন্যের কোনো বস্তু নিজেদের বলে দাবি করতে পারে না। ফলে চাঁদের মালিকানা দাবি এবং একই সময়ে স্পেস ফোর্সের নতুন পোশাকের ছবি প্রকাশ দুটি বিষয় নিয়েই অনলাইনে উদ্বেগ ও নানা আলোচনা দেখা দিয়েছে।

সূত্র: সিএনবিসি টিভি ১৮




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD