খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।
দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তাঁরা করের আওতায় চলে আসবেন। তবে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এতে দেশের ছোট ছোট খুচরা বিক্রেতার ওপর চাপ বাড়বে। এতে পণ্যের দাম বাড়তে পারে।
কারা কীভাবে অ্যাপ ব্যবহার করবেন
বড় বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে পরিবেশক আছে। প্রাথমিকভাবে পণ্যের এই পরিবেশকেরাই এনবিআরের অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন, রসিদ দেবেন। এ জন্য ই–ইনভয়েস তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি পণ্যের মূল্যও নিতে পারবেন। আবার মাস শেষে বিক্রির হিসাব ধরে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন। এই অগ্রিম কর আসলে খুচরা বিক্রেতার অগ্রিম কর, যা পরিবেশক সরকারি কোষাগারে জমা দিয়ে দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে এনবিআর শুধু পরিবেশক পর্যায়ে এ ধরনের অ্যাপ চালু করতে চায়। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতাদের অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
অ্যাপ বানানো ও বাস্তবায়নের কৌশল নিয়ে শিগগিরই শীর্ষ প্রতিষ্ঠানের বিক্রয় প্রধান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করবে এনবিআর।
এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর কর্মকর্তা বলেন, ‘অ্যাপ দিয়ে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করবেন পরিবেশকেরা। তাঁরাই এটা ব্যবহার করবেন। তাই ব্যবসায়িক প্রতিনিধিদের মতামত জরুরি। সে জন্য তাঁদের সঙ্গে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবকিছু ঠিক করা হবে। আমরা শুধু অ্যাপ করে দিলাম, কিন্তু তাঁরা এটা ব্যবহার করলেন না। তাহলে কর আদায় করা যাবে না।’
খুচরা বিক্রেতা কত
বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তাঁরা করের আওতায় চলে আসবেন।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ অবস্থায় শুল্ক–কর আদায় বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নতুন এ কর আদায়ের উদ্যোগ নিচ্ছে এনবিআর।
এবারের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। এতে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর কেটে রাখা হবে।
আইন কী বলছে, শঙ্কা কোথায়
২০২৬ সালের অর্থ আইনে বলা হয়েছে, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার যখন কোনো খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রি করবেন, তখন চালান বা বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে এই অগ্রিম কর সংগ্রহ বা কর্তন করবেন।
তবে এটি চূড়ান্ত কর নয়। এই অগ্রিম কর সম্পূর্ণ সমন্বয়যোগ্য কর হিসেবে গণ্য হবে। খুচরা ব্যবসায়ী বছর শেষে যখন বার্ষিক আয়কর রিটার্ন দাখিল করবেন, তখন তাঁর ওপর ধার্যকৃত মোট প্রদেয় আয়করের সঙ্গে আগে পরিশোধিত এই অগ্রিম কর সমন্বয় করতে পারবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্যের দামে এই ধরনের কর প্রভাব রাখতে পারে, এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, ক্ষুদ্র পাইকারি বিক্রেতাদের মুনাফা সীমিত। সেখানে দুই টাকা কর দিলে লাভের অংশ কমে আসবে।
এ বিষয়ে একটি উদাহরণ দেওয়া যেতে পারে, রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়া মাসে ২৫ লাখ টাকার বেশি চাল-ডালসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্য বিক্রি করেন। প্রথম আলোকে এই তরুণ ব্যবসায়ী বলেন, ‘হাজারে আমরা ২০ টাকার মতো মুনাফা করি; এর মধ্যে দোকানভাড়াসহ যাবতীয় খরচ জোগাড় করতে হয়। তার ওপর দুই টাকা কর দিতে হলে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। আমাদের তখন দুই টাকা বেশি দামে পণ্য বিক্রি করতে হবে।’ প্রথম আলো