শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন




বিবিসির প্রতিবেদন

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা সফল হয়নি। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি।

বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় ভারতেরও সম্মতি রয়েছে। তবে তাকে বাংলাদেশের হাতে বন্দি প্রত্যর্পণ করতে চায় না ভারত। বরং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করতে আগ্রহী দিল্লি। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’

সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD