দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি বিভিন্ন সময় নানা ধরনের সমাজসেবামূলক কাজও করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারো জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। সম্প্রতি শরণার্থীদের সঙ্গে আরও দুই বছর কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেন এই তারকা।
এদিকে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ‘হারাই বহুদূর’ শিরোনামের নতুন একটি গান করেছেন তিনি। দ্বৈত এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস।
এ প্রসঙ্গে তাহসান বলেন, সুস্মিতা আনিসের সঙ্গে বেশ কয়েকটা গান করা হলো। সত্যি, কাজ করতে গিয়ে তার সহযোগিতা উপভোগ করি। আশা করবো, শ্রোতারাও গানটি উপভোগ করবেন। নতুন গানটির কথা লেখার পাশাপাশি সুরও করছেন মিনার রহমান।
সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। তাহসান আরও বলেন, মিনারের জন্য আগে অনেক গান বানিয়েছি। তার প্রথম অ্যালবাম ‘ডানপিটে’র সঙ্গীতায়োজন আমার করা ছিল। কিন্তু প্রথমবার মিনারের লেখা ও সুরে গাইলাম। ‘হারাই বহুদূর’র গানের ভিডিও’র গল্প ভাবনা ও পরিচালনা করেছেন এজিএ নাহিয়ান আহমেদ। ফ্লাইবোর্ড স্টুডিও প্রডাকশনের ব্যানারে গানটি নির্মিত হয়েছে। ‘সুস্মিতা আনিস’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে ‘সেই তুমি কে’ গান নিয়ে হাজির হয়েছিলেন তাহসান। গানটির কথা লিখেছিলেন তিনি নিজেই।