বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন




বিশ্ব শ্রবণ দিবস

কানে কটন বাড ব্যবহার করে কী ভুল করছেন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১:০২ pm
using cotton bud in ear কানে কান কটন বাড World Health Organization WHO World Hearing Day বিশ্ব শ্রবণ দিবস Check Your Hearing বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও
file pic

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সকলের জন্য কানের ও শোনার যত্ন।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুরুতেই যত্নশীল হলে কান ও শোনার সমস্যার শতকরা ৬০ ভাগের বেশি শুরুতেই নির্ণয় করা সম্ভব।

আমরা অনেকেই অভ্যাসবশত কটন বাড ব্যবহার করে কান চুলকাই বা পরিষ্কার করতে চেষ্টা করি। বিশেষজ্ঞরা বলছেন, এটি কানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

কটন বাড ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ?

ইএনটি অ্যান্ড হেড নেক ক্যানসার হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শদাতা ও নাক, কান গলা বিভাগের প্রধান ডাক্তার আসাদুজ্জামান রাসেল বলেন, ‘কটন বাড ইউজ করতে গিয়ে অনেক সময় কানের পর্দা ছিদ্র হয়ে যায়। কারণ এটি কানের কত ভেতর পর্যন্ত যাচ্ছে সেটা প্রায় সময়েই বোঝা যায় না। ফলে বেকায়দায় আঘাত লেগে পর্দা ছিদ্র হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।’

তাহলে কানের ময়লা কীভাবে পরিষ্কার করা যাবে? ডাক্তার আসাদুজ্জামান রাসেল জানান, আমাদের কানে সেভাবে ময়লা হয় না। যেগুলোকে আমরা ময়লা বলি সেগুলো আসলে প্রাকৃতিক জিনিস। কানের একদম ভেতরে এগুলো ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। উল্টো কানের সুরক্ষাতেই কাজ করে এগুলো। আমরা যদি খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো বের করে ফেলি তাহলেই বরং কানের ভেতরে ইনফেকশন কিংবা ফাঙ্গাস হওয়ার মতো সমস্যায় পড়তে পারি।

আর কানের ভেতরের চামড়াটা এমনভাবে তৈরি যা ধীরে ধীরে বাইরের দিকে বাড়তে থাকে এবং ভেতরের অপ্রয়োজনীয় পদার্থগুলোকে আপনাআপনিই বের হয়ে যায়। আমরা যখন খাবার খাই, হাই তুলি বা কথা বলি- তখন কানের নড়াচড়ার মাধ্যমে ময়লাগুলো ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। কারোর কারোর ক্ষেত্রে অবশ্য কোনও সমস্যার কারণে এই ময়লা বের হতে পারে না এবং জমে গিয়ে কানের সমস্যা তৈরি করে। কানের ইনফেকশন বা ব্যথার কারণ হতে পারে এই ময়লা। তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে অভ্যাসবশত কটন বাড দিয়ে কান চুলকানো বা ময়লা বের করার চেষ্টা করা একেবারেই অনুচিত।

তেল দিয়ে কান পরিষ্কার করা যাবে?

ডাক্তার আসাদুজ্জামান রাসেল জানান, অনেক সময় কটন বাড ব্যবহারের কারণে কানের সাধারণ মেকানিজম নষ্ট হয়ে যায়। ফলে ময়লা জমে শক্ত হয়ে যায়। এগুলোকে নরম করার জন্য কিছু ড্রপ আছে। আবার তেলও ব্যবহার করা যায়। তেল লুব্রিকেন্ট হিসেবে ময়লাগুলোকে নরম করে। তবে গরম সরিষার তেল দেওয়া ঠিক নয়। আমাদের কানের ত্বক বেশ সংবেদনশীল। সরিষার তেল দেওয়ার কারণে কানে জ্বলুনির মতো সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এতে ময়লা নরম হয়ে বের হয়ে আসবে। তবে কানে তেল ব্যবহারের আগে নিশ্চিত হতে হবে যে কানের পর্দা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কানের পর্দায় আঘাত থাকলে বা ছিদ্র থাকা অবস্থায় তেল বা ড্রপ দিলে কানের ভেতর ইনফেকশন হয়ে যেতে পারে। কানে ময়লা জমে গেলে তাই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD